সন্তোষ কুমার মণ্ডল, আসানসোলঃ- তিন বছরের এক শিশুর উপর যৌন নির্যাতনের অভিযোগে উত্তেজনা ছড়াল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের হীরাপুর থানার অন্তর্গত বার্নপুরে। ঘটনায় নির্যাতিতা শিশুর প্রতিবেশী শঙ্কর মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
শিশুর পরিবার সূত্রে জানা গেছে প্রতিবেশী ওই ব্য়ক্তিকে দাদু বলে ডাকেন তাদের মেয়ে। এদিন তার বাড়িতে খেলতে গিয়েছিল সে। সেখানে অভিযুক্ত শঙ্কর মণ্ডল শিশুটে নির্যাতন করেন বলে অভিযোগ। বাড়ি ফিরে শিশুটি পেটে ব্যাথা হওয়ার কথা জানানোর পাশাপাশি তার মাকে ঘটনার কথা খুলে বলে। এরপরই তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যায় পরিারের লোকজন এবং পুলিশেও খবর দেওয়া হয়। পুলিশ হাসপাতালে গিয়ে শিশুটির সঙ্গে কথা বলে অভিযুক্ত শঙ্কর মণ্ডলকে গ্রেফতার করে।
অন্যদিকে শিশুটির বাবা জানিয়েছেন অভিযুক্তকে গ্রেফতারের পর সঞ্জয় বিশ্বকর্মা এবং গুড্ডু রজক নামে দুই ব্যক্তি অভিযোগ প্রত্যাহার করে নেওয়ার জন্য তাঁদের উপর চাপ সৃষ্টি করছে। শিশুটির মা দাবি করেন অভিযুক্ত এলাকায় প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত এবং বেশ কয়েকটি বাড়ি বেআইনিভাবে দখল করে রাখার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
যদিও শিশুটির পরিবারের সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শঙ্কর মণ্ডলের পরিজনরা। তাদের দাবি, শঙ্কর মণ্ডলকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। পুলিশ পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।