সন্তোষ কুমার মণ্ডল, দুর্গাপুর:- দুর্গাপুরের ১৪ নম্বর ওয়ার্ডের নতুন পল্লি এলাকায় একটি তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ভাঙচুরকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়ালো। এই ঘটনায় অভিযোগের তির সরাসরি স্থানীয় বিজেপি নেতৃত্বের দিকে। তৃণমূলের অভিযোগ, কার্যালয়ের তালা ভেঙে ভিতরে ঢুকে ব্যাপক তাণ্ডব ও জিনিসপত্র ভাঙচুর করেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। শুধু তাই নয়, ভাঙচুরের পর কার্যালয়ে তারা একটি নতুন তালাও লাগিয়ে দিয়েছে বলে শাসক শিবিরের দাবি।
তৃণমূলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, কার্যালয়ের ভিতরে থাকা সিসিটিভি ক্যামেরাগুলি ভেঙে দেওয়া হয়েছে এবং বেশ কিছু প্রয়োজনীয় জিনিসপত্র ভাঙচুর করে পাশের নর্দমায় ফেলে দেওয়া হয়েছে। খবর পাওয়া মাত্রই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুর থানার পুলিশ।
ঘটনা প্রসঙ্গে তৃণমূলের প্রাক্তন যুব সভাপতি রাজু সিং জানান, তাঁদের এই দলীয় কার্যালয়টি যাতে তাঁরা সসম্মানে ফিরে পান, তার জন্য পুলিশ প্রশাসনের পাশাপাশি স্থানীয় বিজেপি বিধায়কের কাছেও আবেদন জানানো হয়েছে।
যদিও তৃণমূলের তোলা সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন স্থানীয় বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই। পাল্টা দাবি করে তিনি বলেন, "রাজু সিংয়ের নেতৃত্বে স্থানীয় বিজেপি কর্মীদের দীর্ঘদিন ধরে হুমকি দেওয়া হচ্ছিল এবং জোরপূর্বক তাঁদের দিয়ে দলীয় কার্যালয় পরিষ্কার করানোর মতো ঘটনাও ঘটেছে।" বিজেপি বিধায়কের দাবি, এই জোরজুলুমের ঘটনার প্রতিবাদেই সাধারণ স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে এখানে। এর সাথে বিজেপির কোনো যোগ নেই। পুরো বিষয়টি খতিয়ে দেখছে দুর্গাপুর থানার পুলিশ।