সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে আসানসোল পুরনিগমের পক্ষ থেকে জাতির জনককে গভীর শ্রদ্ধা নিবেদন করা হলো। আজ পুরনিগম প্রাঙ্গণে আয়োজিত এই বিশেষ শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে পুর আধিকারিকদের পাশাপাশি অগ্রণী ভূমিকা পালন করেন পুরনিগমের সাফাইকর্মীরাও।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে আসানসোল পুরনিগমের কমিশনার দিলীপ মিশ্র বলেন, "গান্ধীজির মহান আদর্শ ও নীতি কেবল আলোচনার বিষয় নয়, তা আমাদের সকলের জীবনে প্রতিনিয়ত অনুসরণ করা উচিত।" তিনি আরও মনে করিয়ে দেন যে, মহাত্মা গান্ধীর মূল ভাবনাই ছিল কেবল নিজেদের ব্যক্তিগত জীবনযাপন পরিচ্ছন্ন রাখা নয়, বরং সমগ্র শহর তথা পরিবেশকে সুন্দর ও নির্মল রাখা।
গান্ধী জয়ন্তীর এই পবিত্র দিনটিকে সামনে রেখে কমিশনার প্রত্যেক আসানসোলবাসীকে একটি বিশেষ সংকল্প নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, "আজকের দিনে প্রতিটি নাগরিকের উচিত গোটা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার শপথ নেওয়া।" শহরকে আবর্জনামুক্ত ও স্বাস্থ্যকর করে তুলতে পুরনিগমের পক্ষ থেকেও সমস্ত শহরবাসীর কাছে সক্রিয় সহযোগিতা ও পরিচ্ছন্নতা বজায় রাখার জোরালো আবেদন জানানো হয়।