সন্তোষ কুমার মণ্ডল, আসানসোলঃ- আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট (ADPC) এলাকায় সাইবার অপরাধীদের কোমর ভাঙতে বড়সড় সাফল্য পেল পুলিশ। কমিশনারেট চত্বরে অপরাধ দমনে শুরু হওয়া বিশেষ অপারেশন ‘সাইবার প্রহার’-এর অধীনে এখনও পর্যন্ত মোট ১২১ জন সাইবার প্রতারককে গ্রেফতার করেছে সাইবার ক্রাইম থানার পুলিশ।
আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাইবার বিভাগের ডিসি/এডিসি রাহুল পান্ডে এই অভিযানের সাফল্যের খতিয়ান তুলে ধরেছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৭ আগস্ট থেকে কমিশনারেট জুড়ে এই সাঁড়াশি অভিযান শুরু হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে যে, গোটা কমিশনারেট এলাকার মধ্যে নিয়ামতপুর এবং দুর্গাপুর—এই দুটি অঞ্চল সাইবার অপরাধের প্রধান ‘হটস্পট’ বা মূল কেন্দ্র হয়ে উঠেছে।
পুলিশ আধিকারিক রাহুল পান্ডে জানান, এই চক্রগুলির বিরুদ্ধে সুনির্দিষ্ট ১০টি মামলা রুজু করে গভীর তদন্ত চালানো হচ্ছিল। তার ভিত্তিতেই এই বিপুল সংখ্যক অপরাধীকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। ধৃতদের কাছ থেকে অপরাধে ব্যবহৃত একাধিক গ্যাজেট এবং নথিও উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে।
পুলিশের তরফে স্পষ্ট জানানো হয়েছে, সাধারণ মানুষকে সাইবার প্রতারণার হাত থেকে রক্ষা করতে এবং এই অপরাধের নেটওয়ার্ক পুরোপুরি ধ্বংস করতে ‘সাইবার প্রহার’ অভিযান আগামী দিনেও সমানে জারি থাকবে।