এই বাংলায় দক্ষিণ বাংলা

দুর্গাপুর ও আসানসোলে আদালত বয়কট করে আইনজীবীদের গণবিক্ষোভ

By Eaibanglai - October 05, 2026
— Advertisement —
Advertisement
দুর্গাপুর ও আসানসোলে আদালত বয়কট করে আইনজীবীদের গণবিক্ষোভ

সন্তোষ কুমার মণ্ডল, আসানসোল ও দুর্গাপুরঃ-  রাজ্যের বিভিন্ন প্রান্তে আইনজীবীদের উপর ক্রমবর্ধমান শারীরিক হামলা, হেনস্থা এবং কর্মক্ষেত্রে চরম নিরাপত্তাহীনতার প্রতিবাদে ও আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সোমবার প্রতিবাদে শামিল হলেন আইনজীবীরা। এদিনের এই বিক্ষোভে শামিল হন দুর্গাপুর মহকুমা আদালত এবং আসানসোল আদালতের আইনজীবীরা। আদালত চত্বরের নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করা এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে এদিন দুই শহরের বিক্ষোভে সরব হন তাঁরা।

সোমবার দুপুরে দুর্গাপুর মহকুমা আদালতের আইনজীবীরা একজোট হয়ে আদালত চত্বর থেকে একটি বিশাল প্রতিবাদ মিছিল বের করেন। মিছিলটি শহরের ব্যস্ততম সিটি সেন্টারের প্রধান রাস্তাগুলি পরিক্রমা করে সেন্টার বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে পৌঁছায়। সেখানে আইনজীবীরা বিক্ষোভ প্রদর্শন করেন। আন্দোলনকারী আইনজীবীদের অভিযোগ, সম্প্রতি রাজ্যের একাধিক জেলায় আইনজীবীরা ক্রমাগত দুষ্কৃতী হামলা ও শারীরিক হেনস্থার শিকার হচ্ছেন। এমনকি আদালত চত্বরের ভেতরেও তাঁদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। অবিলম্বে এই সমস্ত হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ এবং বিচারবিভাগীয় ক্ষেত্রে আইনজীবীদের ১০০ শতাংশ নিরাপত্তা দেওয়ার দাবি তোলেন তাঁরা।

অন্য দিকে, একই দাবিতে এদিন দুপুরে আসানসোল আদালতের আইনজীবীরাও কর্মবিরতি ঘোষণা করে এক গণবিক্ষোভে শামিল হন। আসানসোল আদালতের কাছে অবস্থিত ব্যস্ততম ঘড়ি মোড়ে আইনজীবীরা গণজমায়েত করে বিক্ষোভ দেখান। আইনজীবীদের অভিযোগ, বিভিন্ন আদালতে যেভাবে আইনজীবীদের ওপর শারীরিক আক্রমণ ও দুর্ব্যবহারের ঘটনা ঘটছে, তা অত্যন্ত উদ্বেগজনক এবং স্বাধীন বিচারব্যবস্থার পরিপন্থী। ঘড়ি মোড় চত্বরে আইনজীবীদের এই আইন অমান্য ও ঐক্যবদ্ধ বিক্ষোভের জেরে দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয়।

বিক্ষোভকারী আইনজীবীদের স্পষ্ট হুঁশিয়ারি, বিচারপ্রার্থীদের ন্যায়বিচার দিতে গিয়ে যদি আইনজীবীদের নিজেদেরই জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়, তবে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। রাজ্যজুড়ে আইনজীবীদের সুরক্ষায় অবিলম্বে প্রশাসনকে কঠোর ও সুনির্দিষ্ট গাইডলাইন তৈরি করতে হবে। প্রশাসন যদি দ্রুত এই বিষয়ে কোনো সদর্থক ভূমিকা না নেয়, তবে আগামী দিনে রাজ্যজুড়ে আরও বৃহত্তর আন্দোলনের নামার হুঁশিয়ারি দিয়েছেন বার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা।

সোমবারের এই জোড়া কর্মসূচির জেরে দুর্গাপুর ও আসানসোল— দুই আদালতেই আইনি কাজকর্ম সাময়িকভাবে থমকে যায়, যার ফলে চরম ভোগান্তির শিকার হন দূর-দূরান্ত থেকে আসা শয়ে শয়ে বিচারপ্রার্থী। 


 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement