সংবাদদাতা,আসানসোলঃ- কলকাতার চিংড়িহাটা উড়ালপুলে রং করা বৃষ্টিভেজা রাস্তায় একের পর এক মোটরবাইক পিছলে যাওয়ার ঘটনার পর সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এবার আসানসোলেও রাস্তার রং তুলে ফেলা হলো। পুজোর আগে সৌন্দর্যায়নের জন্য শহরের শহিদ ভগৎ সিং মোড় সংলগ্ন রাস্তায় যে রঙের প্রলেপ দেওয়া হয়েছিল, বুধবার রাতে প্রশাসনের নির্দেশে তা পুরোপুরি মুছে ফেলা হয়।
প্রসঙ্গত, দুর্গাপুজো উপলক্ষে কলকাতার গড়িয়াহাট ও চিংড়িহাটা উড়ালপুলের রাস্তায় রং করেছিল রাজ্য নগরোন্নয়ন দফতর। তবে বৃষ্টির সময় সেই পিচ্ছিল রাস্তায় বাইক আরোহীদের পড়ে যাওয়ার একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হতেই পথ নিরাপত্তা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়। ফলস্বরূপ, আসানসোল প্রশাসন আর কোনো ঝুঁকি না নিয়ে চালকদের সুরক্ষার কথা মাথায় রেখে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ গ্রহণ করেছে। গোটা বিষয়টি খতিয়ে দেখে বিকল্প ও নিরাপদ ব্যবস্থার আশ্বাস দিয়েছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল।
শহরের সৌন্দর্যায়নের উদ্যোগ চললেও মানুষের নিরাপত্তার প্রশ্নে কোনও ঝুঁকি নিতে নারাজ প্রশাসন। কলকাতার ঘটনার পর আসানসোলে রাস্তা থেকে রং তুলে নেওয়ার পদক্ষেপে সেই সতর্কতারই ইঙ্গিত মিলল।