সংবাদদাতা,আসানসোলঃ- দুর্গাপুজো, কালীপুজো ও দীপাবলির প্রাক্কালে শব্দদূষণ রুখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে নিষিদ্ধ ও উচ্চ শব্দযুক্ত বাজির বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করল প্রশাসন। গোপন সূত্রে খবর পেয়ে রূপনারায়ণপুর ও পিঠাইকেয়ারি এলাকায় পৃথক দুটি ঝটিকা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বেআইনি বাজি বাজেয়াপ্ত করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রথম অভিযানটি চালানো হয় পিঠাইকেয়ারি এলাকায়। সেখানে অবৈধভাবে মজুত করে রাখা ৭৫ প্যাকেট অর্থাৎ মোট ৭৫০ পিস নিষিদ্ধ 'চকলেট বোমা' উদ্ধার করে পুলিশ। এই বেআইনি মজুতের সঙ্গে যুক্ত থাকায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
অন্যদিকে, দ্বিতীয় অভিযানে রূপনারায়ণপুর-সামডি রোডের একটি দোকানে হানা দেয় পুলিশ বাহিনী। সেখান থেকে ৪৪০ পিস নিষিদ্ধ চকলেট বোমা, ৪২ প্যাকেট 'কালী ফাটাফাটি' বাজি এবং বেশ কিছু 'রকেট বোমা' বাজেয়াপ্ত করা হয়।
প্রশাসনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, উৎসবে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করতে এবং শব্দদূষণ ছড়াতে কোনোভাবেই বেআইনি বাজি বিক্রি বরদাস্ত করা হবে না। আগামী দিনেও এই ধরনের কড়া নজরদারি ও তল্লাশি অভিযান জারি থাকবে।