সংবাদদাতা,আসানসোলঃ- উৎসবের মুখে বোনাসের দাবিকে কেন্দ্র করে রণক্ষেত্রের রূপ নিল সালানপুর থানার দেন্দুয়া এলাকার এলোকুইন্ট ইস্পাত কারখানার মূল গেট। বুধবার বোনাস নিয়ে শ্রমিক বিক্ষোভের জেরে ভারতীয় মজদুর সঙ্ঘ (BMS) এবং অপর এক শ্রমিক গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। লাঠি ও রডের আঘাতে বিএমএস কনভেনার এবং বিপক্ষ গোষ্ঠীর শ্রমিক নেতা সহ উভয় পক্ষের অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। এই ঘটনায় পুলিশ দুই শ্রমিককে আটক করেছে। বর্তমানে কারখানা চত্বরে চরম উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত শ্রমিকদের বোনাস দেওয়ার দাবিতে এদিন সকাল থেকেই কারখানার গেটের সামনে বিক্ষোভ শুরু করেন শ্রমিক নেতা অমর নাথ মাহাতো ও সাধারণ শ্রমিকরা। ঠিক একই সময়ে, শ্রমিকদের বোনাস প্রাপ্তি নিশ্চিত করার দাবি নিয়ে কারখানার গেটে উপস্থিত হন বিএমএস কনভেনার প্রশান্ত বিশ্বাস ও তাঁর অনুগামীরা। কারখানার গেটেই দুই পক্ষ মুখোমুখি হতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বোনাস সংক্রান্ত দাবি ও শ্রমিকদের নেতৃত্ব দেওয়া নিয়ে বিএমএস নেতৃত্ব এবং অমর নাথ মাহাতোর মধ্যে প্রথমে তীব্র বচসা ও কথা কাটাকাটি শুরু হয়।
মুহূর্তের মধ্যেই সেই বচসা হাতাহাতি ও লাঠি-সোটা নিয়ে মারামারিতে রূপ নেয়। উভয় পক্ষের সংঘর্ষে গুরুতর আহত হন বিএমএস কনভেনার প্রশান্ত বিশ্বাস সহ চারজন এবং অন্য পক্ষের শ্রমিক নেতা অমর নাথ মাহাতো। সংঘর্ষের খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সালানপুর থানার কল্যাণেশ্বরী ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত পাঁচজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় পিঠাকেয়ারী হাসপাতালে পাঠায়। এই সংঘর্ষ ও অশান্তি সৃষ্টির অভিযোগে রূপেশ দাস ও ভোলা দাস নামক দুই শ্রমিককে আটক করেছে কল্যাণেশ্বরী ফাঁড়ির পুলিশ। এলাকায় শান্তি বজায় রাখতে পুলিশি টহল জারি রয়েছে।