সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- আসানসোলের মহিশীলা এলাকায় অবস্থিত বিশিষ্ট ভাস্কর সুশান্ত রায়ের ওয়াক্স মিউজিয়াম এবং শীশ মহলে এবার যুক্ত হলো নতুন পালক। মোম দিয়ে তৈরি জীবন্ত সব প্রতিমূর্তির তালিকায় এবার স্থান পেল জনপ্রিয় গায়ক জুবিন গর্গের মোমের প্রতিমূর্তি। এদিন শিল্পী সুশান্ত রায়ের আমন্ত্রণে এই মূর্তিটির আনুষ্ঠানিক উন্মোচন করেন আসানসোল বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য।
মহিশীলার এই ওয়াক্স মিউজিয়ামটি ইতিমধ্যেই শিল্পপ্রেমী ও সাধারণ দর্শনার্থীদের কাছে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। প্রতিদিনই বহু মানুষ এখানে ভিড় জমান। জুবিন গর্গের এই নিখুঁত মোমের মূর্তিটি মিউজিয়ামের আকর্ষণ আরও বাড়িয়ে তুলবে বলে মনে করা হচ্ছে।
মূর্তি উন্মোচনের পর শিল্পী সুশান্ত রায়কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আনন্দ প্রকাশ করেন দেবতনু ভট্টাচার্য। তিনি বলেন, নিজের শহর আসানসোলের মহিশীলায় এত সুন্দর শিল্পকর্ম দেখার এবং তার উন্মোচনের অংশ হতে পেরে তিনি গর্বিত। শিল্পীর প্রতিভার ভূয়সী প্রশংসা করে দেবতনুবাবু বলেন, "একজন প্রকৃত শিল্পীর পরিচয় তাঁর সৃষ্টির মধ্য দিয়েই চিরকাল বেঁচে থাকে।" পাশাপাশি তিনি উল্লেখ করেন, সুশান্ত রায়ের তৈরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মোমের মূর্তিও বিজেপির রাজ্য কার্যালয়ে যথাযথ সম্মানের সঙ্গে স্থাপন করা রয়েছে।