নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- গুরু পূর্ণিমার ঠিক আগেই গুরুদুয়ারা ও তার অফিস দখলকে কেন্দ্র করে তীব্র সংঘাতে জড়াল পরিচালন কমিটির দুই পক্ষ। কে কমিটি চালাবে এবং অফিস কার দখলে থাকবে, তা নিয়ে দীর্ঘদিনের বিবাদ এবার প্রকাশ্যে চলে এল। তালা লাগানো ও ভাঙাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ালে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী।
পুরনো কমিটির অভিযোগ, তাঁদের মেয়াদ ২০২৮ সালের মে মাস পর্যন্ত থাকা সত্ত্বেও কিছু লোক জোরপূর্বক তাঁদের গুরুদুয়ারায় প্রবেশে বাধা দিচ্ছে। আদালতের রায় তাঁদের পক্ষে থাকা সত্ত্বেও বিরোধী পক্ষ অফিসে তালা ঝুলিয়ে রেখেছে। এদিন পুরনো কমিটির সদস্যরা আদালতের নির্দেশ দেখিয়ে অফিসে নিজেদের তালা লাগাতে গেলে বিরোধী পক্ষ সেই তালা ভেঙে দেয় বলে অভিযোগ। নিজেকে গুরুদুয়ারা কমিটির সভাপতি বলে দাবি করে চঞ্চল সিং জানান, "মিথ্যা অভিযোগ এনে পেশিশক্তির জোরে গুরুদুয়ারা দখল করা হয়েছে। আমাদের কাছে গুরুদুয়ারা ও অফিসের পক্ষে আদালতের বৈধ কাগজপত্র রয়েছে, যা কোনো স্কুলের কাগজ নয়। ওরা আইন মানছে না, আমরা এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব।"
অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি তুলেছেন অপর পক্ষের নেতা তথা নিজেকে কমিটির সম্পাদক পরিচয় দেওয়া গুরমিত সিং। তাঁর বক্তব্য, "পুরনো কমিটির সদস্যরা আমাদের সঙ্গে আলোচনায় বসতে চাইছেন না বলেই এই ঝামেলার সূত্রপাত। তাছাড়া, হাইকোর্টের যে কাগজপত্রের কথা বলা হচ্ছে, তা আসলে স্কুলের নামে রয়েছে।"
ধর্মীয় প্রতিষ্ঠানের দখলদারি নিয়ে দুই গোষ্ঠীর এই প্রকাশ্য বিবাদে স্থানীয় বাসিন্দা ও ভক্তদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের হস্তক্ষেপে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।