সংবাদদাতা,আসানসোলঃ- আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত ড্যাডি গ্রাউন্ডের পাশের একটি নর্দমা থেকে ইসিএল -এর এক অবসরপ্রাপ্ত কর্মচারীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল। মৃতের নাম অপরাধ বাউরি (৬১)। তিনি নিয়ামতপুরের টহরম কারখানা এলাকার বাসিন্দা এবং দু’মাস আগে বেজডিহ কোলিয়ারি থেকে অবসর নিয়েছিলেন।
বৃহস্পতিবার বিকেল থেকে নিখোঁজ থাকার পর শুক্রবার সকালে সন্দেহজনক অবস্থায় তাঁর কাদা-মাখা দেহ উদ্ধার হয়। এই ঘটনায় ক্ষুব্ধ পরিজনেরা দোষীদের শাস্তির দাবিতে মৃতদেহ নিয়ামতপুর ইস্কো রোডে রেখে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। মৃতের মেয়ে আশা বাউরির অভিযোগ, অশোক নুনিয়া নামে এক সুদের কারবারি তার বাবাকে ডেকে নিয়ে গিয়ে খুন করেছে। সকালে অশোকই প্রথম দেহটি নর্দমায় পড়ে থাকার কথা জানায়।
ঘটনার খবর পেয়ে এসিপি (কুলটি) শেখ জাভেদ হুসেনের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে সুষ্ঠু তদন্তের আশ্বাস দিলে অবরোধ ওঠে। শনিবার আসানসোল জেলা হাসপাতালে দেহের ময়নাতদন্ত করা হয়। মূল অভিযুক্ত অশোক নুনিয়াকে আটক করেছে পুলিশ।

















