নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- বিজেপি কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে ধুন্দুমার কান্ড দুর্গাপুরের কোকওভেন থানা চত্বরে। ধৃত কর্মীদের অবিলম্বে ছেড়ে দেওয়ার দাবিতে ও মূল অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বুধবার মাঝরাতে দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ ঘোড়ুই ও যুব নেতা পারিজাত গাঙ্গুলির নেতৃত্বে তুমুল বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় এলাকায়।
প্রসঙ্গত গত সোমবার সন্ধ্যায় দুর্গাপুরের স্টিল টাউনশিপে দুর্গাপুরের দুই বিধানসভা বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ও লক্ষণ ঘোড়ুইয়ের সমর্থনে রোড শো করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। অভিযোগ ওই রোড শো শেষ হওয়ার পর বাড়ি ফেরার পথে বাঁকুড়া মোড়ের কাছে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে বচসা ও হাতাহাতি হয়। তাতে দুই পক্ষেরই একজন করে আহত হন। রাতেই তাদের মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। অন্য দিকে ঘটনার তদন্তে নেমে মঙ্গলবার দুই দলেরই তিনজনকে গ্রেফতার করে কোকওভেন থানার পুলিশ।
আর এই গ্রেফতারের ঘটনার প্রতিবাদে বুধবার মাঝরাতে তুমুল বিক্ষোভ শুরু হয় কোকওভেন থানার সামনে। অবিলম্বে বিজেপির তিন কর্মীকে ছেড়ে দেওয়ার দাবীতে দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ চন্দ্র ঘোড়ুইয়ের নেতৃত্বে থানার সামনে বসে পড়ে বিক্ষোভ শুরু করে দেয় বিজেপি কর্মী সমর্থকরা, চলে স্লোগান। কোকওভেন থানার আধিকারিক বিজয় দলপতি আন্দোলনকারীদের বোঝাতে গেলে তাকে ঘিরে ধরে শুরু হয় বিজেপি কর্মীদের বিক্ষোভ। যুব নেতা পারিজাত গাঙ্গুলির নেতৃত্বে থানার বাইরের গেট ঠেলে মূল গেটের সামনে চলে যায় বিজেপি কর্মীরা এবং তুমুল বিক্ষোভ দেখায়। প্রায় ঘন্টা দুয়েক চলে বিক্ষোভ।
অবশেষে পরিস্থিতি সামাল দিতে নামানো হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের।


















