eaibanglai
Homeএই বাংলায়বারাবনিতে পুলিশের 'স্ট্রিট থিয়েটার': কোমরে দড়ি, ডুগডুগির তালে নাচছে আইন!

বারাবনিতে পুলিশের ‘স্ট্রিট থিয়েটার’: কোমরে দড়ি, ডুগডুগির তালে নাচছে আইন!

সংবাদদাতা, বারাবনি -: শনিবার বিকেলে বারাবনির গৌরান্ডি হাটতলা মোড় থেকে পানুড়িয়া বাজার পর্যন্ত যে অভাবনীয় দৃশ্য দেখা গেল, তাকে রাজনৈতিক ‘রোড শো’ না বলে পুলিশের ‘পথনাটিকা’ বলাই হয়তো বেশি যুক্তিযুক্ত। মূল চরিত্রে কোমরে দড়ি বাঁধা দুই ধৃত ‘তারকা’—অসিত সিংহ এবং তাঁর সহযোগী আকবর আলম। আর পরিচালকের আসনে? স্বয়ং প্রশাসন! বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে এই দুই অভিযুক্তকে নিয়ে যখন প্রকাশ্য রাস্তায় হাঁটা শুরু হল, তখন রাস্তার দুধারে দর্শকদের উন্মাদনা ছিল আক্ষরিক অর্থেই চোখে পড়ার মতো।

​ সাধারণ মানুষ বিনামূল্যে এই ‘লাইভ মেগা ইভেন্ট’ পেয়ে যারপরনাই আপ্লুত। একদিকে মুহুর্মুহু হাততালি, অন্যদিকে “চোর চোর” স্লোগান, আর ব্যাকগ্রাউন্ড স্কোর হিসেবে ডুগডুগির আওয়াজ—সব মিলিয়ে একেবারে জমজমাট বিনোদন প্যাকেজ! দীর্ঘদিন ধরে যাদের দাপটে নাকি এলাকা তটস্থ ছিল, আজ তাদের কোমরে দড়ি দেখে জনতার যে ‘অপূর্ব’ উল্লাস দেখা গেল, তা বোধহয় বক্স অফিসের অনেক রেকর্ড ভেঙে দেবে।

আইন বিশেষজ্ঞরা অবশ্য বড্ড বেরসিক। তাঁরা সংবিধানের বই ঘেঁটে বলছেন, বিচারাধীন কাউকে এভাবে জনসমক্ষে প্রদর্শন করা নাকি মানবাধিকার ও আইনি রীতির চূড়ান্ত পরিপন্থী। কিন্তু কে শোনে কার কথা! প্রশাসন হয়তো ভেবেছে, কোর্ট-কাছারির ওই বদ্ধ ঘরের নীরস আইনি প্রক্রিয়ার চেয়ে ‘জনতার আদালত’-এর এই লাইভ শো অনেক বেশি টিআরপি দেবে। তদন্তের স্বার্থে রুটমার্চ করানো হয়েছিল, নাকি জনতার হাততালি কুড়োতে এই প্রদর্শনী—তা নিয়ে প্রশাসনের অন্দরেই ধোঁয়াশা।

বিরোধীরা একে ‘আইনের নাট্যরূপ’ বলে কটাক্ষ করতে ছাড়েননি। তবে আসল সত্য হলো, আইনের শাসন ধীরে ধীরে এক নিখুঁত রিয়্যালিটি শো-তে পরিণত হচ্ছে। বারাবনির এই বিকেল বুঝিয়ে দিল, বিচারের বাণী এখন আর নীরবে নিভৃতে কাঁদে না, বরং প্রকাশ্য রাস্তায় ডুগডুগির তালে দিব্যি নেচে ওঠে!

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments