সন্তোষ কুমার মণ্ডল, বুদবুদঃ- কালীপুজো উপলক্ষে মামার বাড়িতে বেড়াতে এসে দামোদর নদে স্নান করতে নেমে তলিয়ে গেল ১৬ বছরের এক কিশোর। মঙ্গলবার দুপুরে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বুদবুদ থানার অন্তর্গত রণডিহা ড্যাম সংলগ্ন এলাকায়। নিখোঁজ কিশোরের নাম অজয় রুইদাস, তার বাড়ি বর্ধমানের পালিতপুরে। এই ঘটনার পর থেকেই ড্যাম এলাকায় পুলিশি নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, কালীপুজো উপলক্ষে বুদবুদের চাকতেঁতুল এলাকায় নিজের মামার বাড়িতে বেড়াতে এসেছিল অজয়। মঙ্গলবার দুপুরে সে কয়েকজন বন্ধুর সঙ্গে রণডিহা ড্যাম সংলগ্ন দামোদর নদে স্নান করতে নামে। স্নান করার সময় আচমকাই অজয় ও তার এক বন্ধু জলে তলিয়ে যেতে শুরু করে। তাদের তলিয়ে যেতে দেখে পাশে থাকা স্থানীয় এক যুবক তৎক্ষণাৎ জলে ঝাঁপিয়ে পড়েন। তাঁর আপ্রাণ চেষ্টায় এক কিশোরকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও,তলিয়ে যায় অজয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বুদবুদ থানার পুলিশ। নিখোঁজ কিশোরের সন্ধানে স্থানীয় জেলেদের নামিয়ে নদে জোরকদমে তল্লাশি শুরু করা হয়। তবে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি চালানোর পরেও কিশোরের কোনও সন্ধান মেলেনি।
উৎসবের আবহে কিশোরের এভাবে নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় রণডিহা ড্যাম সংলগ্ন এলাকা ও পরিবারে শোকের ছায়া নেমেছে। অন্যদিকে, এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, রণডিহা ড্যাম এলাকায় এর আগেও বহুবার জলে তলিয়ে যাওয়ার মতো দুর্ঘটনা ঘটেছে। তা সত্ত্বেও পুলিশের পর্যাপ্ত নজরদারি বা সতর্কতামূলক ব্যবস্থা না থাকায় বারবার এই ধরনের প্রাণঘাতী ঘটনা ঘটছে।