নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- ঐতিহ্যবাহী গো- পুজো উপলক্ষে পশু-পাখিদের প্রতি ভালোবাসা ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিল ‘দুর্গাপুর যদুবংশী সেবা সমিতি’। মঙ্গলবার শহরের কাদারোড সংলগ্ন গ্যামন এলাকার একটি পশু সংরক্ষণশালায় এসে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেন সমিতির সদস্যরা।
দুর্গাপুরের বিভিন্ন প্রান্তে জাতীয় সড়ক-সহ নানা এলাকায় পথ দুর্ঘটনার কবলে পড়া অসহায় পশু-পাখিদের একমাত্র আশ্রয়স্থল ও চিকিৎসার ঠিকানা এই সংরক্ষণশালা। গরু, কুকুর, বিড়াল, খরগোশ-সহ বিভিন্ন প্রজাতির আহত পশু-পাখিদের উদ্ধার করে এখানে নিয়ে আসা হয় ও চিকিৎসা করা হয়।
সংরক্ষণশালা সূত্রে জানা গিয়েছে, আহত অবলা প্রাণীদের সুস্থ করে তুলতে এখানে নিয়মিত পশু চিকিৎসকের পাশাপাশি উন্নত মানের এক্স-রে মেশিন-সহ আধুনিক চিকিৎসার পরিকাঠামো রয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো, দুর্ঘটনায় আহত পশু-পাখিদের এখানে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা ও সেবা প্রদান করা হয়।
গো- পুজোর পুণ্য তিথিতে এই সেবামূলক প্রতিষ্ঠানের পাশে দাঁড়াতে পেরে খুশি প্রকাশ করেন দুর্গাপুর যদুবংশী সেবা সমিতির সদস্যরা। পশু-পাখিদের চিকিৎসা ও রক্ষণাবেক্ষণের কাজে গতি আনতেই তাঁদের এই আর্থিক অনুদান বলে জানান। সমিতির সদস্যদের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার পশুপ্রেমী ও সাধারণ মানুষ।