নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- ভাইফোঁটার পুণ্য লগ্নে রক্তদানের মতো মহৎ উপহারের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল দুর্গাপুরের ‘জেশপ গেট শ্রী শ্রী রক্ষা কালী পুজো কমিটি’। গত ৪৯ বছর ধরে ঐতিহ্যবাহী কালীপুজোর পাশাপাশি বিগত ৯ বছর ধরে ভাইফোঁটার দিন নিয়মিত এই সামাজিক কর্মসূচি পালন করে আসছে উদ্যোক্তারা। মঙ্গলবার ‘দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিল’ (DBDC)-এর সহযোগিতায় আয়োজিত এই শিবিরে ৫ জন মহিলা সহ মোট ৩৯ জন রক্তদান করেন, যাঁদের মধ্যে ৩ জন বিরল নেগেটিভ গ্রুপের রক্তদাতা রয়েছেন।
এই রক্তদান শিবিরের মূল আকর্ষণ ও অনুপ্রেরণা পুজো কমিটির অন্যতম কর্ণধার যীশু গুরুঙ্গ এবং তাঁর পরিবার। যীশু বাবু সহ তাঁর পরিবারের মোট সাতজন সদস্য বিরল গ্রুপের রক্তের অধিকারী। কঠিন রোগ, অস্ত্রোপচার বা দুর্ঘটনার সময় বিরল গ্রুপের রক্ত না মেলায় বহু মানুষের জীবন বিপন্ন হয়। সেই সংকটের কথা মাথায় রেখেই বিপদের দিনে মানুষের প্রাণ বাঁচাতে ভাইফোঁটার দিন রক্তদানের অঙ্গীকার করেছেন গুরুঙ্গ পরিবার। দুর্গাপুরের আপামর ভাইবোনদের কাছে তাঁদের এই বিশেষ আবেদনে সাড়া দিয়ে প্রতি বছর বহু যুবক-যুবতী স্বতঃস্ফূর্তভাবে রক্তদানে এগিয়ে আসেন।
এদিনের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানাতে এবং রক্তদাতাদের উৎসাহ দিতে শিবিরে উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর ব্যানার্জি, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণচন্দ্র ঘড়ুই এবং মহকুমা হাসপাতালের চিকিৎসক ডাঃ করবী কুন্ডু। এছাড়াও উপস্থিত ছিলেন এমওআইসি ও দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিল-এর সাধারণ সম্পাদক সজল বোস, কার্যকরী সভাপতি পার্থ প্রতীম গুপ্ত, সহ-সভাপতি সঞ্জীব চ্যাটার্জী, সহ-সম্পাদক সুব্রত দাম, কার্যকরী সদস্য তরুণ দত্ত, সূর্যকান্ত ঘোষ, সদস্যা সুচরিতা নাথ, টেকনিক্যাল টিমের জয়দেব লাহা সহ একাধিক বিশিষ্ট সমাজকর্মী।
উৎসবের আনন্দের মাঝেই রক্তের সংকট মেটাতে পুজো কমিটি ও গুরুঙ্গ পরিবারের এই মানবিক প্রয়াস শহরবাসীর কাছে বিশেষ প্রশংসা কুড়িয়েছে।