সন্তোষ কুমার মণ্ডল, দুর্গাপুরঃ- রাতের অন্ধকারে বিজেপির দলীয় কার্যালয়ে ব্যাপক ভাঙচুর ও তাণ্ডবের অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল দুর্গাপুরের ৩৩ নম্বর ওয়ার্ডের ফরিদপুর এলাকায়। অভিযোগ, বৃহস্পতিবার গভীর রাতে একদল দুষ্কৃতী কার্যালয়ে ঢুকে আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি দলীয় পতাকা ও ফেস্টুন ছিঁড়ে ফেলে। এই ঘটনাকে ঘিরে স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বিজেপি নেতৃত্বের দাবি, পরিকল্পিতভাবেই এই হামলা চালানো হয়েছে। দুষ্কৃতীরা কার্যালয়ে থাকা দলীয় শীর্ষ নেতৃত্বের ছবি লাগানো ফেস্টুন ছিঁড়ে মাটিতে ফেলে দেয়। শুধু তাই নয়, প্রমাণ লোপাটের উদ্দেশ্যে কার্যালয়ের সিসি ক্যামেরার তারও ছিঁড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ। কারা এবং কী উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন পুলিশ।
এই ঘটনার তীব্র নিন্দা করে দুর্গাপুরের ২ নম্বর মণ্ডলের বিজেপির সহ-সভাপতি নিরঞ্জন মণ্ডল বলেন, "এটি একটি জঘন্যতম অন্যায়। দলীয় উচ্চ নেতৃত্বের ছবি লাগানো ফেস্টুনও ছিঁড়ে ফেলা হয়েছে। পুলিশের উপর আমাদের ভরসা রয়েছে। পুলিশ ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিক।"