নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- জমি বিবাদকে কেন্দ্র করে নৃশংসভাবে খুন হওয়া বিজেপি কর্মী শ্যাম কুমার দাসের পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। মৃতের পরিবারের জন্য ১০ লক্ষ টাকা আর্থিক অনুদান দেওয়ার পাশাপাশি তাঁর স্ত্রী কাজ করতে চাইলে রাজ্য সরকারের তরফে একটি চুক্তিভিত্তিক চাকরির ব্যবস্থা করে দেওয়ারও আশ্বাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার অন্ডাল বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা জানান পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি। এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এবং দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘড়ুই।
উল্লেখ্য, বুধবার রাতে দুর্গাপুর ফরিদপুর থানার অন্তর্গত জব্বর পল্লীতে ঠাকুর বিসর্জন চলাকালীন বন্ধুদের সঙ্গে বসে খাওয়াদাওয়া করছিলেন শ্যাম কুমার দাস। অভিযোগ, পুরনো জমি বিবাদ নিয়ে আচমকাই উপস্থিত কয়েক জনেরসঙ্গে তাঁর বচসা শুরু হয়। অভিযোগ মুহূর্তের মধ্যে বচসা হাতাহাতিতে গড়ায় এবং অভিযুক্তরা ধারালো অস্ত্র ও বাঁশ নিয়ে শ্যামের ওপর চড়াও হয়। প্রত্যক্ষদর্শী রণজয় মণ্ডল জানান, বাঁশ ও রড দিয়ে শ্যামকে এলোপাথাড়ি মারধর করা হয় এবং তিনি বাধা দিতে গেলে তাঁকেও মারধর করা হয়। গুরুতর জখম অবস্থায় শ্যামকে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
এই খুনের ঘটনায় পুলিশ ইতিমধ্যেই দু'জনকে গ্রেপ্তার করেছে। এবার রাজ্য সরকারের পক্ষ থেকে নিহতের পরিবারের আর্থিক সহায়তা ও কর্মসংস্থানের আশ্বাস দেওয়া হলো।