সন্তোষ কুমার মণ্ডল, আসানসোল ও দুর্গাপুরঃ- আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকায় মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। পৃথক দুটি অভিযানে দুর্গাপুরের কোক ওভেন এবং রানিগঞ্জের নিমচা ফাঁড়ির পুলিশ বিপুল পরিমাণ নিষিদ্ধ গাঁজা উদ্ধার করেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু'জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য লক্ষাধিক টাকা বলে জানা গিয়েছে।
প্রথম ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের রায়ডাঙ্গা এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে কোক ওভেন থানার পুলিশ ওই এলাকার একটি বাড়িতে হানা দেয়। সেখান থেকে দুই কেজি একশো গ্রাম নিষিদ্ধ গাঁজা সহ এম ডি মকসুদ নামে এক ব্যক্তিকে আটক করা হয়। অভিযোগ, সে বাইরে থেকে গাঁজা এনে বাড়িতে মজুত করত এবং এলাকায় বিক্রি করত। মঙ্গলবার ধৃতকে আসানসোল মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তার জামিন নাকচ করে দেন। এই চক্রে আর কেউ জড়িত কি না, তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
অন্যদিকে, রানিগঞ্জের নিমচা ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার করেছে। এই ঘটনায় যোগিন্দর ভগত নামে এক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ প্রথমে যোগিন্দরকে আটক করে এবং পরে তাকে জিজ্ঞাসাবাদ করে তার বাড়ির কাছের একটি পরিত্যক্ত বাড়ি থেকে মজুত করা গাঁজা উদ্ধার করে। বুধবার ধৃতকে আসানসোল জেলা আদালতের সিজিএম কোর্টে তোলা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তি এর আগেও জামুড়িয়া এলাকায় গাঁজা পাচারের অভিযোগে গ্রেফতার হয়েছিল। প্রসঙ্গত, গত সোমবারও জামুড়িয়ার দুটি পৃথক এলাকায় অভিযান চালিয়ে গাঁজা সহ দু'জনকে গ্রেফতার করেছিল পুলিশ।