এই বাংলায় দক্ষিণ বাংলা

কাঁকসায় ট্রাফিক পুলিশের রহস্যমৃত্যু, জাতীয় সড়কের ধার থেকে দেহ উদ্ধার

By Eaibanglai - November 04, 2026
— Advertisement —
Advertisement
কাঁকসায় ট্রাফিক পুলিশের রহস্যমৃত্যু, জাতীয় সড়কের ধার থেকে দেহ উদ্ধার

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- পশ্চিম বর্ধমানের কাঁকসা থানা এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কের পাশ থেকে এক পুলিশকর্মীর গুলিবিদ্ধ দেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত পুলিশকর্মীর নাম সঞ্জয় জানা। তিনি ট্রাফিক পুলিশে কর্মরত ছিলেন। মঙ্গলবার রাতে পাণ্ডবেশ্বরের পানাগড় বাইপাস সংলগ্ন এলাকা থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, নিজের সার্ভিস রিভলভার থেকে মাথায় গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন ওই ট্রাফিক পুলিশকর্মী। তবে কী কারণে এই ঘটনা ঘটল, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো মঙ্গলবার রাতেও ডিউটিতে ছিলেন সঞ্জয়। পানাগড় বাইপাসের ওপর সহকর্মীদের সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে থাকা লরিগুলি সরানোর কাজ করছিলেন তিনি। সেই সময় হঠাৎই সহকর্মীরা একটি লরির আড়ালে তাঁকে অচৈতন্য ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

বুধবার সকালে পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে গোটা এলাকা খতিয়ে দেখেন। ঘটনার প্রকৃত কারণ ও পারিপার্শ্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে পুলিশের উচ্চপদস্থ কর্তারা তদন্ত শুরু করেছেন। মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটন করতে এবং সমস্ত দিক খতিয়ে দেখতে তদন্তকারী আধিকারিকদের পক্ষ থেকে ফরেনসিক দলকেও ডাকা হয়েছে।

 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement