নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে ইতিমধ্য়েই নির্বাচনী বিধি চালু হয়েছে রাজ্যে। এরই মধ্যে অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ করিয়ে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনায় দুর্গাপুর পশ্চিম বিধানসভার তামলাবস্তি এলাকার। ঘটনায় কয়েকজনকে আটক করেছে পুলিশ।
জানা গেছে সোমবার সকাল থেকে দুর্গাপুরের ৩৩ নম্বর ওয়ার্ডের তামলা এলাকায় বিজেপির কর্মীরা বস্তির মহিলাদের একত্রিত করে অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ করছিল এবং বিজেপিকে ভোট দেওয়ার শর্তে ওই যোজনার তিন হাজার টাকা অ্যাকাউন্টে পাঠানোর প্রতিশ্রুতি দিচ্ছিল। বিষয়টি সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার তৃণমূল কর্মী সমর্থকরা। তড়িঘড়ি তারা প্রশাসনকে বিষয়টি জানায়। খবর পেয়ে এলাকায় পৌঁছয় দুর্গাপুর থানার পুলিশ এবং ফর্ম ফিলাপ বন্ধ করে তিন জনকে আটক করে থানায় নিয়ে যায়।
অন্যদিকে বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ৩৩ নম্বর ওয়ার্ডের তৃণমূলের যুগ্ম সম্পাদক মানিক রুইদাস বলেন,”বিজেপির কর্মীরা টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এলাকার মহিলাদের ফর্ম পূরণ করাচ্ছিল। আমরা খবর পেয়ে উচ্চ নেতৃত্বকে জানাই। তারপরেই পুলিশকে জানানো হয়। পুলিশ ব্যবস্থা গ্রহণ করেছে। বিজেপি এখন জেতার জন্য ভোটারদের লোভ দেখাচ্ছে।”
পাল্টা বিজেপির জেলা মুখপাত্র সুমন্ত মন্ডল বলেন,”আমরা মানুষের পক্ষে মানুষের সাথে। বিজেপি ক্ষমতায় এলে তিন হাজার টাকা করে দেওয়া হবে। বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান হবে। তাই তৃণমূল ভয় পেয়েছে। সেই জন্যই এখন নোংরামো করা শুরু করেছে।”



















