নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- পুরোনো বছরের হিসাব বন্ধ করে নতুন হিসাবের খাতা খোলার বাঙালি ঐতিহ্য হল হালখাতা। ব্যবসায়ে সফলতা লাভের উদ্দেশ্যে বাংলা নতুন বছরের প্রথম দিন নতুন হিসাবের খাতা মায়ের কাছে পুজো দিয়ে নতুন বছরের হিসাব শুরু করেন ব্যবসায়ীরা। যদিও এই ডিজিটাল যুগে পয়লা বৈশাখের এই বাঙালি ইতিহ্য এখন প্রায় বিলুপ্তির পথে। তবুও আজও বহু বাঙালি ব্যবসায়ী পয়লা বৈশাখে হালখাতা পুজো দিয়ে দিন শুরু করেন।
পয়লা বৈশাখের সুপ্রভাতে দুর্গাপুরের বেনাচিতির ভিড়িঙ্গী কালী বাড়িতে বাঙালির সেই ঐতিহ্যের ছবি ধরা পড়ল। এদিন সকাল থেকেই হালখাতা পুজো করতে দুর্গাপুরের প্রাচীন ঐতিহ্যবাহী মায়ের মন্দিরে ভিড় জমিয়েছিলেন বেনাচিতি বাজারের ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের পাশাপাশি নতু বছর ভালো কাটার কামনায় ও মায়ের আশীর্বাদ প্রাপ্তির আশায় মন্দিরে ভিড় জমিয়েছিলেন সাধারণ ভক্তরাও। এমনকি দূর দূরান্ত থেকেও এসেছিলেন মায়ের ভক্তরা। তাদের মধ্যেই একজন কর্মসূত্রে আফ্রিকা নিবাসী সুভাষচন্দ্র দাস। তিনি বলেন, “বিদেশে থাকলেও এই দিনটার টান আলাদা। যখনই দেশে আসি , নববর্ষের প্রথম দিন মায়ের দর্শন করতে আসি। এ বছরও সেই সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে হচ্ছে।”
এদিন সকাল থেকে দিনভর ভক্তদের আনাগোনা এবং প্রার্থনায় মুখর ছিল মন্দির চত্বর। পাশাপাশি কালী মন্দিরে পুজোর পাশাপাশি ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ এবং শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে উৎসবের আবহ তৈরি হয়।

















