এই বাংলায় ওয়েব ডেস্ক ,কলকাতাঃ- দুর্গাপূজার ঠিক মুখে রাজ্যের হোমগার্ড কর্মী ও আধিকারিকদের জন্য বড়সড় আর্থিক উপহার দিল পশ্চিমবঙ্গ সরকার। স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের হোমগার্ড সেলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, রাজ্যের হোমগার্ড ভলান্টিয়ার এবং হোমগার্ড অফিসারদের দৈনিক ডিউটি অ্যালাউন্স (ভাতা) এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে দেওয়া হচ্ছে ।
সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে কার্যকর হতে চলা এই সিদ্ধান্তের ফলে প্রতিদিনের ডিউটি অ্যালাউন্স ১১০ টাকা করে বৃদ্ধি পাবে । এই নতুন আর্থিক সুবিধা পশ্চিমবঙ্গ হোমগার্ড অর্গানাইজেশন এবং কলকাতা হোমগার্ড অর্গানাইজেশন—উভয় শাখার কর্মী ও আধিকারিকদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে।
এক নজরে দেখে নেওয়া যাক নতুন দৈনিক ভাতার হার-
হোমগার্ড ভলান্টিয়ার: ৬৪৮ টাকা থেকে বেড়ে ৭৫৮ টাকা
ডেপুটি গ্রুপ কমান্ডার: ৬৫৪ টাকা থেকে বেড়ে ৭৬৪ টাকা
গ্রুপ কমান্ডার: ৬৫৬ টাকা থেকে বেড়ে ৭৬৬ টাকা
ডেপুটি কমান্ড্যান্ট: ৬৫৯ টাকা থেকে বেড়ে ৭৬৯ টাকা
হোমগার্ড কমান্ড্যান্ট: ৬৬২ টাকা থেকে বেড়ে ৭৭২ টাকা
ডিস্ট্রিক্ট কমান্ড্যান্ট: ৬৬৫ টাকা থেকে বেড়ে ৭৭৫ টাকা
উৎসবের ঠিক প্রাক্কালে রাজ্য সরকারের এই ভাতা বৃদ্ধির সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই খুশি পুলিশ ও হোমগার্ড মহলের কর্মীরা। এই পদক্ষেপের ফলে হাজার হাজার হোমগার্ড কর্মী ও তাঁদের পরিবার আর্থিকভাবে উপকৃত হবেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।