সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- বন্ধ হয়ে যাওয়া দেশের ঐতিহাসিক রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান কেবলস লিমিটেডের গবেষণা ও উন্নয়ন বিভাগের পরিত্যক্ত বহুতল ভবনে আচমকাই এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। সোমবার দুপুরে রূপনারায়ণপুরের এই ঘটনাকে কেন্দ্র করে শিল্পাঞ্চল জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। আগুনের গ্রাসে এই সুবিশাল বহুতল ভবনের একাধিক ফ্লোর পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে জানা গেছে। যদিও ঘটনায় হতাহতের কোন খবর নেই।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, এদিন দুপুর নাগাদ ওই পরিত্যক্ত বহুতল ভবনটি থেকে হঠাৎই গলগল করে কালো ধোঁয়া বের হতে দেখেন এলাকাবাসী। কিছুক্ষণের মধ্যেই আগুনের লেলিহান শিখা গোটা ভবনে ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি খবর দেওয়া হয় রূপনারায়ণপুর পুলিশ ফাঁড়ি ও দমকল বিভাগে। খবর পেয়ে প্রাথমিক অবস্থায় চিত্তরঞ্জন থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, পরবর্তীতে আসানসোল থেকে দমকলের আরও একটি ইঞ্জিনকে ডেকে পাঠানো হয়। দমকল কর্মীদের যৌথ প্রচেষ্টায় কয়েক ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
জানা গেছে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবনটির দ্বিতীয় তলায় বিএসএনএল -এর ভাড়ায় নেওয়া একটি আঞ্চলিক দফতর ছিল, যেখানে আগুনের প্রকোপ সবচেয়ে বেশি ছড়ায়। তবে স্বস্তির বিষয় এই যে, কিছুদিন আগেই বিএসএনএল কর্তৃপক্ষ তাদের অফিসটি এই বিল্ডিং থেকে অন্যত্র সরিয়ে নেয়।
এদিকে জনমানবহীন এই সরকারি ভবনে কীভাবে আগুন লাগল, তার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। স্থানীয়দের অভিযোগ, পরিত্যক্ত ভবনটিতে দিনের পর দিন অসামাজিক ক্রিয়াকলাপ চলত, যা থেকে এই অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে। এমনিতেই দীর্ঘদিনের অবহেলায় বহুতলটির কাঠামো নড়বড়ে অবস্থায় ছিল, তার ওপর এই বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভবনের স্থায়িত্ব আরও ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক হয়ে পড়ল বলে আশঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী।