সংবাদদাতা,বাঁকুড়াঃ- গোরুকে রাষ্ট্রমাতা ঘোষণা ও গো হত্যা বন্ধের দাবিতে সারা দেশ জুড়ে একটি ব্যাপক গণ-আন্দোলন ‘গৌ সম্মান আহ্বান অভিযান’ চলছে। বাঁকুড়া জেলাতেও এই অভিযানের অংশ হিসেবে স্থানীয় সনাতনী সমাজ ও গো-ভক্তরা বিভিন্ন কর্মসূচি পালন করে চলেছে। সোমবার তারা একটি বর্নাঢ্য শোভাযাত্রা করে জেলা শাসকের দফতরে তাদের দাবি পত্র জমা দেন।
প্রসঙ্গত,গত ৩ মাস ধরে এই আন্দোলনের সঙ্গে যুক্ত সদস্যরা সারা জেলা জুড়ে একটি গণ স্বাক্ষর অভিযান চালায়। যেখানে জেলার ২২ টি ব্লকের প্রায় দুই লক্ষের মতো মানুষ এতে স্বাক্ষর করেছেন বলে আন্দোলনকারীদের তরফে জানানো হয়েছে। গণ স্বাক্ষর সম্বলিত সেই দাবিপত্র নিয়ে আজ জেলার ২২ টি ব্লকের কয়েক হাজার মানুষ বাঁকুড়া শহরে বর্নাঢ্য শোভাযাত্রা করে । বাঁকুড়ার লালবাজার থেকে বর্নাঢ্য শোভাযাত্রা শুরু করে সেই স্বাক্ষর সম্বলিত দাবিপত্র জেলা শাসকের দফতরে জমা দেওয়া হয়।
অবিলম্বে দাবি পূরণ না হলে আগামীদিনে দেশ জুড়ে আরো বড়সড় কর্মসূচীর ডাক দেওয়া হবে বলে জানান আন্দোলনকারীরা।