নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর: মাত্র এক টাকায় সিম কার্ড! টেলিকম বাজারে বেসরকারি সংস্থাগুলির একাধিপত্যকে কড়া টক্কর দিতে এক আকর্ষণীয় অফার নিয়ে হাজির হয়েছে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড। গত ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশজুড়ে এই ‘ফ্রিডম ২.০’ অফারটি চালু করেছে বিএসএনএল। নতুন এই অফারকে হাতিয়ার করে গ্রাহকদের দরজায় পৌঁছাতে এবং নিজেদের পরিষেবা আরও মজবুত করতে কোমর বেঁধে মাঠে নামছে সংস্থা।
এই বিশেষ অফারকে সামনে রেখে এবং গ্রাহক সংখ্যা বৃদ্ধির রণকৌশল নির্ধারণ করতে শুক্রবার দুর্গাপুরের সিটি সেন্টারে বিএসএনএল দপ্তরে কর্মী ও প্রতিনিধিদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মূল আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বিএসএনএলের রাজ্যের জেনারেল ম্যানেজার গজালা ফয়জুল। এ ছাড়া সংস্থার আঞ্চলিক পদস্থ আধিকারিক ও মাঠপর্যায়ের প্রতিনিধিরা এই সভায় অংশ নেন।
বৈঠকে মূলত, প্রতিযোগিতামূলক বাজারে গ্রাহকদের আরও উন্নত ও নিরবচ্ছিন্ন ৪জি পরিষেবা দেওয়া, ১ টাকার বিশেষ অফারের মাধ্যমে নতুন গ্রাহকদের বিএসএনএল পরিবারের অন্তর্ভুক্ত করা এবং পুরনো গ্রাহকদের ধরে রাখা, এক টাকার সিমের মতো আকর্ষণীয় অফারটি যাতে প্রান্তিক মানুষের কাছে পৌঁছায়, তার জন্য মাঠপর্যায়ে প্রচারের জোর বাড়ানো,ইত্যাদি বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়।
টেলিকম বিশেষজ্ঞদের মতে, বেসরকারি সংস্থাগুলির রিচার্জ প্ল্যানের খরচ যখন প্রতিনিয়ত বাড়ছে, ঠিক সেই সময়ে দাঁড়িয়ে বিএসএনএলের এই ১ টাকার অফার বাজারে বড়সড় আলোড়ন সৃষ্টি করেছে। এই অফারের আওতায় নতুন গ্রাহকেরা মাত্র ১ টাকা খরচ করে বিএসএনএল নেটওয়ার্ক ব্যবহারের সুযোগ পাচ্ছেন, যা সাধারণ মধ্যবিত্ত ও গ্রামীণ গ্রাহকদের বিপুলভাবে আকর্ষণ করছে। দুর্গাপুরের বৈঠক থেকে স্পষ্ট যে, রাষ্ট্রায়ত্ত এই সংস্থাটি এখন শুধু অফার দেওয়াই নয়, বরং পরিষেবা ও পরিকাঠামো শক্তিশালী করে বাজার দখল করতে সম্পূর্ণ প্রস্তুত।