সংবাদদাতা,আসানসোলঃ-পশ্চিম বর্ধমান জেলার সালানপুর ব্লকের রূপনারায়ণপুর ফাঁড়ি এলাকার আপার কেশিয়ায় এক মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। এদিন আপার কেশিয়া এলাকায় অবস্থিত হিন্দুস্তান কেবলস -এর একটি পরিত্যক্ত কোয়ার্টার থেকে ওই মহিলার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতার নাম উষা মুদি।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বিগত প্রায় ১০ বছর ধরে ওই পরিত্যক্ত সরকারি আবাসনে একাই বসবাস করতেন উষা মুদি। পেশায় তিনি দিনমজুর ছিলেন। প্রতিবেশীদের দাবি, ওই মহিলা নেশাগ্রস্ত অবস্থায় থাকতেন। এদিন সকালে দীর্ঘক্ষণ তাঁর কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীদের সন্দেহ হয় এবং রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই পরিত্যক্ত আবাসন থেকে মৃতদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। অতিরিক্ত নেশা করা বা কোনো শারীরিক অসুস্থতার ফলে এই মৃত্যু নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, তা ময়নাতদন্তের রিপোর্ট এলেই পরিষ্কার হবে।