নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরের গোপালপুর এলাকায় অবস্থিত এসার অয়েল-এর ওয়্যারহাউস গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার রাতে লাগা এই আগুনে গোডাউনে মজুত থাকা বিপুল পরিমাণ ফাইন পলিমার ও কাঠগুঁড়ো পুড়ে ছাই হয়ে গেছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি।
জানা গেছে বৃহস্পতিবার রাতে হঠাৎই ওই গোডাউনটিতে আগুন লাগে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পানাগড় ফায়ার স্টেশন এবং দুর্গাপুর ফায়ার স্টেশন থেকে দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। গোডাউনে ফাইন পলিমার এবং প্রচুর পরিমাণে কাঠগুঁড়োর মতো উচ্চ দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীদের তীব্র বেগ পেতে হয়।
সারারাত ধরে চেষ্টার পর শুক্রবার ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে পকেট ফায়ার ও ধোঁয়া পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে শুক্রবার সকালেও পানাগড় ফায়ার স্টেশনের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে মোতায়েন রেখে কুলিং অপারেশন চালানো হয়।
দমকল ও পুলিশ প্রশাসন সূত্রে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডের ফলে গোডাউনের ভেতরে থাকা বিপুল পরিমাণ বাণিজ্যিক কাঁচামাল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। তবে আগুন লাগার কারণ স্পষ্ট হয়নি। শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখতে দমকল বিভাগ এবং স্থানীয় পুলিশ।