নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- গভীররাতে আটক তৃণমূল নেতা। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল দুর্গাপুরের মুচিপাড়া এলাকায়। পুলিশ ধৃত নেতাকে আটক করে নিয়ে যাওয়ার সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ জনতার একাংশ 'চোর চোর' স্লোগান দিতে শুরু করে।
বিজেপি ও স্থানীয়দের একাংশের অভিযোগ, মুচিপাড়া সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে একের পর এক সরকারি জমি বিক্রি করে সেখানে লোক বসিয়ে দেওয়া-সহ একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন এলাকার ওই তৃণমূল নেতা খোকন রুইদাস।
ঘটনা প্রসঙ্গে বিজেপির ২৮ নম্বর ওয়ার্ডের কো-কনভেনার বিশ্বজিৎ দাস এবং এসসি মোর্চার নেতা বাপ্পা রুইদাস দাবি করেন, অভিযুক্ত তৃণমূল নেতার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ থাকলেও তৃণমূল জামানায় তার বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়া হয়নি। অবশেষে পুলিশ পদক্ষেপ গ্রহণ করার স্বস্তি ফিরে পেয়েছেন এলাকাবাসী।
যদিও এই সমস্ত অভিযোগের বিষয়ে অভিযুক্ত খোকন রুইদাস বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।