সংবাদদাতা,বাঁকুড়াঃ- রাজনৈতিক ক্ষমতার প্রভাব খাটিয়ে চাষবাস ও কৃষি যন্ত্রপাতির কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ। চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন কোতুলপুরের ভাগলপুর এলাকার প্রায় ২০টি পরিবার। স্থানীয় বিজেপির একাংশের বিরুদ্ধে ওঠা এই অভিযোগকে কেন্দ্র করে এলাকায় তীব্র রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।
অভিযোগকারী পঙ্কজ মণ্ডলের দাবি, ভোটের ফল প্রকাশের পর থেকেই তাঁকে নানাভাবে হেনস্থা করা হচ্ছে; এমনকি তাঁর ট্রাক্টর ও রোটাভেটর নিয়ে শ্রমিকরা কাজে গেলে বাধা দেওয়া হচ্ছে এবং তাঁকে ও তাঁর কর্মীদের নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ।
এই পরিস্থিতির জেরে ওই কাজের সঙ্গে যুক্ত প্রায় ২০টি খেটে খাওয়া পরিবারের উপার্জনের পথ কার্যত বন্ধ হওয়ার মুখে দাঁড়িয়েছে। সংসারের প্রধান রোজগার থমকে যাওয়ায় সন্তানদের পড়াশোনা, দুবেলা খাবার এবং চিকিৎসার খরচ জোগাড় করতে হিমশিম খাচ্ছেন পরিবারগুলি। রাজনৈতিক বিরোধের জেরে সাধারণ মানুষের রুটিরুজিতে কেন টান পড়বে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
যদিও স্থানীয় বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে ওঠা এই অভিযোগের সত্যতা এখনও স্বাধীনভাবে যাচাই করা যায়নি এবং অভিযুক্ত পক্ষের প্রতিক্রিয়াও মেলেনি। তবে ইতিমধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে কোতুলপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও বিষয়টি জানানো হয়েছে বলে দাবি অভিযোগকারীদের।
এখন পুলিশ ও প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছেন ভাগলপুরের অসহায় পরিবারগুলি।