সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- রাজ্যে গরু পাচার ও অবৈধ পশু পরিবহণ রুখতে রাজ্য সরকারের কড়া অবস্থানের মধ্যেই রবিবার দুপুরে আসানসোলের ১৯ নম্বর জাতীয় সড়কের কাল্লা মোড়ে গরু ও বলদ বোঝাই একটি গাড়ি আটক হওয়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। আসানসোল উত্তর থানার অন্তর্গত ওই এলাকায় বিহারের নম্বরপ্লেট লাগানো একটি চারচাকা গাড়িতে পশুগুলিকে বোঝাই করে কলকাতায় নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছিল বলে স্থানীয় সূত্রে খবর। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজনকে গাড়ির মালিকানা ও বৈধ নথিপত্র নিয়ে প্রশ্ন করা হলে তাঁরা সংবাদমাধ্যমের সামনে তা অস্বীকার করেন। পাশাপাশি, সেখানে থাকা একটি অডি গাড়িতেও গরু ও বলদ বাঁধা থাকার বিষয়টি সামনে আসায় উত্তেজনা আরও বাড়ে।
খবর পেয়ে আসানসোল উত্তর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছতেই সন্দেহভাজন কয়েকজন সেখান থেকে চম্পট দেয়। পুলিশ গরু ও বলদ বোঝাই গাড়িটিকে আটক করে থানায় নিয়ে গিয়েছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যে অবৈধ পশু পরিবহণ ও পাচার রুখতে পুলিশকে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন; এমনকি ২০২৬ সালের মে মাসেও তিনি সীমান্তবর্তী এলাকা ও পশু পরিবহণের ওপর বিশেষ নজরদারির বার্তা দিয়েছিলেন।
মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ সত্ত্বেও জাতীয় সড়কের ওপর এমন ঘটনা সামনে আসায় পুলিশের নজরদারি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে আটক গাড়িতে থাকা পশুগুলির পরিবহণ আদৌ বেআইনি ছিল কি না, কিংবা এর নেপথ্যে কোনো পাচার চক্রের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখার পরই নিশ্চিতভাবে জানানো হবে বলে পুলিশ সূত্রে খবর।