এই বাংলায় ওয়েব ডেস্ক ,কলকাতাঃ- রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দফতরের প্রস্তাব পেশে দেরি এবং প্রশাসনিক স্তরে ফাইল দীর্ঘদিন আটকে থাকার প্রবণতা রুখতে কড়া পদক্ষেপ করল নবান্ন। মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়ালের জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, এবার থেকে মন্ত্রিসভার প্রতিটি প্রস্তাব নির্ধারিত সময়সীমার মধ্যেই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে জমা দিতে হবে। কোনও দফতরের বিলম্বে যাতে মন্ত্রিসভার কাজ ব্যাহত না হয়, সেই লক্ষ্যেই এই নতুন ব্যবস্থা চালু করা হয়েছে।
নির্দেশিকায় বলা হয়েছে, বিভিন্ন দফতরে ফাইল প্রক্রিয়াকরণে বিলম্বের কারণে মন্ত্রিসভার বিবেচনার জন্য পাঠানো বহু প্রস্তাব সময়মতো চূড়ান্ত করা যাচ্ছে না। এই পরিস্থিতিতে ২৩ নভেম্বর নির্ধারিত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তোলার জন্য প্রস্তাবিত সমস্ত ফাইল সংশ্লিষ্ট দফতরের মতামত, প্রয়োজনীয় অনুমোদন এবং ভেটিং-সহ সব প্রক্রিয়া সম্পূর্ণ করে ১৮ নভেম্বরের মধ্যে মুখ্যসচিবের দফতরে জমা দিতে হবে।
নির্দেশিকায় আরও বলা হয়েছে, যে সমস্ত দফতরের মতামত প্রয়োজন, তারা এই ধরনের ফাইলকে অগ্রাধিকার দিয়ে দ্রুত নিষ্পত্তি করবে, যাতে নির্ধারিত সময়সীমা কোনওভাবেই লঙ্ঘিত না হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট নোডাল দফতরের অতিরিক্ত মুখ্যসচিব, প্রধান সচিব বা সচিবকে ব্যক্তিগতভাবে সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তাব চূড়ান্ত করে জমা দেওয়ার বিষয়টি তাঁদেরই নিশ্চিত করতে হবে।
শুধু আগামী মন্ত্রিসভার বৈঠকের ক্ষেত্রেই নয়, ভবিষ্যতের জন্যও স্থায়ী নিয়ম বেঁধে দিয়েছে নবান্ন। নির্দেশ অনুযায়ী, পরবর্তী প্রতিটি রাজ্য মন্ত্রিসভার বৈঠকের আগে সংশ্লিষ্ট প্রস্তাব সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় বৈঠকের অন্তত তিন কার্যদিবস আগে মুখ্যসচিব এবং রাজ্যের ক্যাবিনেট সচিবের কাছে জমা দিতে হবে। অর্থাৎ, কোনও অসম্পূর্ণ বা প্রয়োজনীয় মতামত ও অনুমোদনবিহীন ফাইল শেষ মুহূর্তে পাঠানোর সুযোগ আর থাকবে না।
প্রশাসনিক মহলের একাংশের মতে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন দফতরের মধ্যে সমন্বয়ের অভাবে মন্ত্রিসভার একাধিক প্রস্তাব বিলম্বিত হচ্ছিল। নতুন নির্দেশ কার্যকর হলে ফাইল নিষ্পত্তির গতি যেমন বাড়বে, তেমনই মন্ত্রিসভার বৈঠকের প্রস্তুতিও আরও সুশৃঙ্খল হবে। একই সঙ্গে বিভিন্ন দফতরের জবাবদিহিও বাড়বে বলে মনে করা হচ্ছে।
নবান্নের এই নির্দেশকে প্রশাসনিক কাজের গতি বৃদ্ধি এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে আরও সময়বদ্ধ ও কার্যকর করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছে প্রশাসনিক মহল।