নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- অন্ডাল তাপবিদ্যুৎ কেন্দ্রে কাজ হারানোর প্রতিবাদে ডেপুটেশন দিতে গিয়ে ভারতীয় মজদুর সংঘের (বিএমএস) কর্মী ও সমর্থকদের তীব্র বাধার মুখে পড়ল জাতীয় কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি (INTUC)। স্থানীয় অন্ডাল গ্রামের প্রায় ৪০ থেকে ৪২ জন যুবককে বিগত চার মাস ধরে কাজ থেকে বসিয়ে রাখা হয়েছে— এই অভিযোগ তুলে রবিবার অন্ডাল তাপবিদ্যুৎ কেন্দ্রে স্মারকলিপি জমা দিতে যান কংগ্রেস সমর্থকরা। কিন্তু সেখানে পৌঁছানো মাত্রই বিএমএস কর্মীদের বাধার মুখে পড়েন তাঁরা, যা ঘিরে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে।
আইএনটিইউসি নেতৃত্বের দাবি, তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত অন্ডাল গ্রামের ওই যুবকদের হঠাৎ করে কাজ থেকে বসিয়ে দেওয়ার সঠিক কারণ জানতে এবং তাঁদের পুনর্বহালের দাবিতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। অন্যদিকে, বিএমএস কর্মী-সমর্থকরা সেই দাবিতে বাধা দিলে দুই পক্ষের মধ্যে তুমুল বাকবিতণ্ডা ও উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এবং বড়সড় সংঘর্ষ এড়াতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানার পুলিশ।
পুলিশের হস্তক্ষেপে শেষ পর্যন্ত এলাকা ছাড়তে বাধ্য হন কংগ্রেস সমর্থকরা। পুলিশি তৎপরতায় পরিস্থিতি শান্ত হলেও যুবকদের কর্মসংস্থানের দাবি এবং দুই শ্রমিক সংগঠনের এই সংঘাতকে কেন্দ্র করে তাপবিদ্যুৎ কেন্দ্র চত্বরে এখনও চাপা উত্তেজনা রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় পুলিশি নজরদারি চালানো হচ্ছে।