সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- মাত্র ১ টাকায় হেডফোন বা ইয়ারবাডস! উৎসবের মরসুমে এই লোভনীয় অফার ঘিরেই রবিবার সকালে হুলুস্থুল কাণ্ড ঘটে গেল পশ্চিম বর্ধমান জেলার কুলটি থানার অন্তর্গত নিয়ামতপুরে। অফারের চক্করে খোশলা ইলেকট্রনিক্সের শোরুমের সামনে উপচে পড়ে ক্রেতাদের বিপুল ভিড়। পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যায় যে, শেষ পর্যন্ত বিশৃঙ্খলা এড়াতে মাঝপথেই দোকান বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিয়ামতপুর চিত্তরঞ্জন রোডের প্রিয়া মোড় সংলগ্ন খোশলা ইলেকট্রনিক্সের নতুন শোরুমের উদ্বোধন উপলক্ষে রবিবার এই বিশেষ অফারটি ঘোষণা করা হয়েছিল। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থাকা গ্রাহকদের হাতে ১ টাকায় হেডফোন তুলে দেওয়া শুরু হতেই হুড়োহুড়ি চরমে পৌঁছায়। মুহূর্তের মধ্যে প্রিয়া মোড় সংলগ্ন চিত্তরঞ্জন রোডের ওপর তীব্র যানজটের সৃষ্টি হয়, থমকে যায় বহু যানবাহন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিয়ামতপুর ফাঁড়ির ট্রাফিক পুলিশ। তারা লাঠি উঁচিয়ে ভিড় নিয়ন্ত্রণ করার পাশাপাশি জিটি রোড ও চিত্তরঞ্জন রোডের ধারে যত্রতত্র বাইক পার্কিং করার অপরাধে বহু গ্রাহককে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে জরিমানা করে। ট্রাফিক পুলিশ সূত্রে স্পষ্ট জানানো হয়েছে, পুজো-পরবর্তী এই মরসুমে এমন জনবহুল এলাকায় এত বড় অফার চালু করার আগে প্রশাসনের কাছ থেকে আগাম কোনও অনুমতি নেওয়া হয়নি। তবে এই গোটা বিশৃঙ্খলা ও প্রশাসনিক জরিমানা নিয়ে খোশলা ইলেকট্রনিক্স কর্তৃপক্ষের কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।