এই বাংলায় দক্ষিণ বাংলা

রাতভর বৃষ্টিতে জলমগ্ন আসানসোল, জলের তলায় বহু বাড়ি, উদ্ধারে নামল সিভিল ডিফেন্স

By Eaibanglai - August 18, 2026
— Advertisement —
Advertisement
রাতভর বৃষ্টিতে জলমগ্ন আসানসোল, জলের তলায় বহু বাড়ি, উদ্ধারে নামল সিভিল ডিফেন্স

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ-  বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপের জেরে সোমবার দিনভর এবং রাতভর চলা মুষলধারে বৃষ্টিতে ভাসল আসানসোল। একটানা ভারী বৃষ্টির জেরে পশ্চিম বর্ধমান জেলার শিল্পাঞ্চলের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে আসানসোল উত্তর বিধানসভার অন্তর্গত গারুই নদীর তীরবর্তী রেল পাড় এলাকায়। নদীর জল উপচে লোকালয়ে ঢুকে পড়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। একই সঙ্গে আসানসোলের জি টি রোডের ভগত সিং মোড় থেকে জাতীয় সড়ক সংযোগকারী রাস্তার উপর পাঁচমুখ পুল সহ শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকা জলের তলায়।

একাধিক এলাকায় বাড়ির একতলায় হু হু করে বৃষ্টির জল ঢুকে পড়েছে। কোনো কোনো নিচু এলাকায় জলের গভীরতা প্রায় ৫ থেকে ১০ ফুট পর্যন্ত পৌঁছে গিয়েছে। পরিস্থিতি এতটাই জটিল রূপ নিয়েছে যে, বহু পরিবার বাধ্য হয়ে বাড়ির নিচের তলা ছেড়ে দোতলা, তিনতলা বা ছাদে আশ্রয় নিয়েছেন। জলস্তর ক্রমাগত বাড়তে থাকায় সোমবার রাত থেকেই আতঙ্কিত বেশ কিছু পরিবার ঘরের আসবাব ও প্রয়োজনীয় সামগ্রী ফেলে রেখে নিরাপদ স্থানে উদ্দেশ্যে রওনা দেন। অন্যদিকে কুলটি বিধানসভার ৬১ নম্বর ওয়ার্ডের প্রিয়া সিনেমা হল এলাকা, নিয়ামতপুর ও তার সংলগ্ন অঞ্চল সম্পূর্ণ জলমগ্ন হয়ে পড়েছে। বিস্তীর্ণ এলাকা এখন কোমর জলে ভাসছে।

নিয়ামতপুর-এথোড়া রোডের জহরগড় ব্রিজের উপর দিয়ে বর্তমানে প্রবল স্রোতে জল বইছে। জলের তীব্র তোড়ে ইতিমধ্যেই এই ব্রিজের একটি অংশ ভেঙে পড়ায় পরিস্থিতি তৈরি হয়েছে।  গতকাল রাতে ওই ব্রিজ পারাপার করার সময় জলের তীব্র স্রোতে একটি চারচাকা গাড়ি ও স্কুটি ভেসে যায়, যা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

মঙ্গলবার সকাল থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর হয়েছে প্রশাসন। আসানসোল পুরনিগম এবং জেলা প্রশাসনের তরফে বিভিন্ন জলমগ্ন এলাকা পরিদর্শন করা হয়। দুর্গতদের উদ্ধার করতে নামানো হয়েছে সিভিল ডিফেন্সের রেসকিউ টিম। উদ্ধারকারী দল জলমগ্ন বাড়িগুলি থেকে নৌকা ও অন্যান্য মাধ্যমে আটকে পড়া বাসিন্দাদের নিরাপদে বের করে নিয়ে আসছে। প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলির কাছে শুকনো খাবার, পানীয় জল ও প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী পৌঁছানোর কাজ শুরু হয়েছে। পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক দলের কর্মীরাও দুর্গতদের সাহায্যে এগিয়ে এসেছেন।

এদিকে এই ভয়াবহ জলযন্ত্রণার জেরে স্থানীয় বাসিন্দাদের একাংশের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। নিকাশি ব্যবস্থার গাফিলতি এবং দুর্বল পরিকাঠামোকেই এই কৃত্রিম বন্যার জন্য দায়ী করছেন এলাকার মানুষ। দ্রুত জল নিষ্কাশন এবং ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার করার দাবি জানিয়েছেন ক্ষুব্ধ বাসিন্দারা।

এদিকে আলিপুর আবহাওয়া দফতরে পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগ এবং প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের উপর অবস্থান করছে।  যার জেরে মঙ্গলবারও দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি জারি থাকবে।

 


— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement