সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- উৎসবের আনন্দের মাঝেই বড়সড় ধসের ঘটনা। আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত ফতেহপুর এলাকায় মনসা পুজোর প্যান্ডেলের ঠিক পাশেই আচমকা এক ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। পুজোর মণ্ডপের গা ঘেঁষে প্রচণ্ড শব্দে বিশালাকার এলাকার মাটি ধসে যাওয়ায় পুজো দেখতে আসা দর্শনার্থী এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ও হুড়োহুড়ি পড়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ফতেহপুর এলাকায় প্রতি বছরের মতো এবারও মনসা পুজোর আয়োজন করা হয়েছিল। পুজোর মণ্ডপে যখন দর্শনার্থীদের উপচে পড়া ভিড়, ঠিক তখনই মণ্ডপের ঠিক পাশের একটি বড় অংশের মাটি আচমকা বিকট শব্দে তলার দিকে বসে যায়। প্যান্ডেলের এত কাছে ধস নামায় পুজো উপলক্ষে আসা কয়েকশো মানুষের নিরাপত্তা নিয়ে বড়সড় উদ্বেগ তৈরি হয়।
যে জায়গায় এই ভূমিধসের ঘটনাটি ঘটেছে, তার ঠিক আশপাশেই রয়েছে ঘন জনবসতিপূর্ণ এলাকা। স্থানীয় বাসিন্দাদের দাবি, ধস কবলিত অঞ্চলের খুব কাছেই শতাধিক পরিবারে কয়েক হাজার মানুষ বসবাস করেন। মাটি ধসে যাওয়ার পর থেকেই ওই এলাকার একাধিক পাকা বাড়ি ও কাঁচা ঘরের দেওয়ালে ফাটল ধরার এবং বাড়িগুলি ভেঙে পড়ার গভীর আশঙ্কা তৈরি হয়েছে।
অন্যদিকে ধসের খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং এলাকাটি পরিদর্শন করে। উৎসবের আবহে এই আকস্মিক বিপর্যয়ের জেরে গোটা ফতেহপুর জুড়ে এখন শুধুই শুধুই আতঙ্কের ছায়া।
স্থানীয়দের মতে প্রশাসন বা খনি কর্তৃপক্ষ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থা না নিলে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা, ব্যাপক সম্পত্তির ক্ষতি এবং প্রাণহানি ঘটতে পারে।