সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের টানা বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে। সোমবার সারা দিন ও রাতভর বৃষ্টিতে প্লাবিত আসানসোলের বিস্তীর্ণ এলাকা। একাধিক এলাকায় ঘরবাড়িতে জল ঢুকে গেছে। উদ্ধার কাজে নামানো হয়েছে সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দলকে। অন্যিদেক লাগাতার বৃষ্টির জেরে বিভিন্ন এলাকায় বাড়ি ধসে পড়ার খবর সামনে এসেছে। বারাবনি বিধানসভা এলাকার পাঁচগছিয়া গান্ধীনগরে একটি বাড়ি ধসে গেছে। চুরুলিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দেশেরমোহন গ্রামেও একটি বাড়ি সম্পূর্ণ ধসে পড়ে। যদিও দুটি ঘটনাতেই হতাহতের কোন ঘটনা ঘটেনি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে দেশেরমোহন গ্রামের ওই পরিবারের পাঁচ সদস্য স্বামী, স্ত্রী ও তাঁদের তিন সন্তান সকলে বাড়িতেই ছিলেন। রাতে মুষলধারে বৃষ্টির জেরে আচমকাই মাটির দেওয়াল ধসে পড়ে পুরো ঘরটি ভেঙে যায়। ঘটনাটি জানাজানি হতেই গ্রামের মানুষ ছুটে যায় ও উদ্ধারকাজে হাত লাগায়। ভাঙা বাড়িতে আটকে পড়া সকল সদস্যকে উদ্ধার করে নিরাপদ স্থানে আশ্রয় দেওয়া হয়।
ঘটনার খবর পেয়ে দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় বিজেপি নেতা শেখ আবসার। তিনি দ্রুত সহায়তার আশ্বাস দেন। শেখ আবসার জানান, "পরিবারটির চরম সাময়িক কষ্টের কথা চিন্তা করে আমরা অবিলম্বে তাঁদের মাথার ওপর আশ্রয়ের জন্য একটি বড় ত্রিপলের ব্যবস্থা করে দিচ্ছি। পাশাপাশি সরকারি ঘর পাওয়ার তালিকায় তাঁদের নাম নথিভুক্ত বা জমা দেওয়া হয়েছে। যত দ্রুত সম্ভব যাতে স্থায়ী কোনো আবাসের ব্যবস্থা করা যায়, আমরা সেই চেষ্টা করছি।"
অন্যদিকে বারাবনি বিধানসভা এলাকার পাঁচগছিয়া গান্ধীনগরে সগু সাউয়ের মাটির বাড়িটি ভেঙে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে এখানেও টানা বৃষ্টির জেরে মাটির দেওয়াল ধসে গিয়ে ভেঙে পড়ে পুরো বাড়িটি। স্থানীয়রাই পরিবারটিকে নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করে দেয়।
অন্যিদকে দুর্ঘটনার খবর পেয়ে বিজেপির জেলা নেতা অভিজিৎ রায় ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা শোনেন এবং সবরকম সহযোগিতার আশ্বাস দেন। তিনি পরিবারটিকে আশ্বস্ত করে জানান, প্রয়োজন অনুযায়ী সবরকম সহযোগিতা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।