সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- ঝাড়খণ্ড সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে গবাদি পশু পাচারের একটি বড়সড় প্রচেষ্টা ব্যর্থ করে দিল পুলিশ। সোমবার পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড সীমান্তের ডুবুরডিহি চেকপোস্টে একটি বিশেষ অভিযান চালিয়ে গরু ও মোষ বোঝাই একটি লরি বাজেয়াপ্ত করা হয়। এই চোরাচালানের ঘটনায় জড়িত থাকার অভিযোগে লরির চালক-সহ মোট চার জনকে আটক করেছে কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঝাড়খণ্ডের মাইথন এলাকা থেকে একটি লরিতে প্রচুর পরিমাণে গরু ও মোষ বোঝাই করে পশ্চিমবঙ্গের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল । এই গোপন তথ্যটি প্রথমে পৌঁছায় বিশ্ব হিন্দু পরিষদের (VHP) গৌরক্ষা কমিটির সদস্যদের কাছে । তাঁরা কালবিলম্ব না করে বিষয়টি চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশকে জানান । পুলিশ দ্রুত ডুবুরডিহি বিশেষ তল্লাশি অভিযান শুরু করে। কিছুক্ষণের মধ্যেই নির্দিষ্ট বিবরণ মিলিয়ে একটি সন্দেহভাজন লরিটিকে আটক করেন কর্তব্যরত পুলিশকর্মীরা।
লরিটিতে তল্লাশি চালানো হলে তার ভেতর থেকে একাধিক গরু ও মোষ উদ্ধার হয় । পুলিশ চালক ও তার সহযোগীদের কাছে পশু পরিবহণ সংক্রান্ত বৈধ কাগজপত্র এবং প্রয়োজনীয় সরকারি নথি দেখতে চাইলে তারা কোনো প্রমাণ পেশ করতে পারেনি । এর পরেই পুলিশ লরিটি বাজেয়াপ্ত করে এবং চালক-সহ চার জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে।
ঘটনা প্রসঙ্গে বিশ্ব হিন্দু পরিষদ গৌরক্ষা কমিটির প্রতিনিধি চন্দ্রশেখর শাউ সংবাদমাধ্যমকে বলেন, "আমরা গোপন সূত্রে জানতে পারি যে এই গরু ও মোষগুলি মাইথন থেকে লরিতে লোড করা হয়েছিল । লরির চালকের সাথে কথা বলে প্রাথমিকভাবে আমাদের অনুমান, এগুলি বাংলাদেশ সীমান্তের দিকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল । পুলিশ সঠিক সময়ে পদক্ষেপ করে লরিটি আটক করেছে । আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যেন দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হয় ।"
এই আন্তঃরাজ্য পাচার চক্রে কারা জড়িত রয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।