সন্তোষ কুমার মণ্ডল, রানিগঞ্জঃ- বামপন্থী সাহিত্যিক পণ্ডিত রাহুল সাংকৃত্যায়নের মূর্তি উধাওয়ের প্রতিবাদে সিপিআই(এম)-এর ডাকা সমাবেশে বাম-বিজেপি সংঘর্ষ। পরিস্থিতি সামাল দেয় বিশাল পুলিশ বাহিনী। ঘটনাকে ঘিরে বুধবার বিকেলে ব্যাপক উত্তেজনার পরিস্থিতি তৈরি পশ্চিম বর্ধমানের রানিগঞ্জে।
প্রসঙ্গত, সম্প্রতি রানিগঞ্জের ১৯ নম্বর জাতীয় সড়কের ফ্লাইওভার সংলগ্ন মোড়ের কাছ থেকে রাহুল সাংকৃত্যায়নের মূর্তি রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। এই ঘটনার প্রতিবাদ এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বুধবার বিকেলে পাঞ্জাবি মোড়ে প্রতিবাদ সভার আয়োজন করে সিপিআই(এম)। সভা চলাকালীন সিপিআই(এম)-এর নেতা-কর্মীরা বক্তব্য রাখার সময় ঘটনাস্থলের আশপাশে বিজেপি কর্মীদের জমায়েত হতে দেখা যায়।
অভিযোগ, সভামঞ্চ থেকে আরএসএস ও বিজেপির নীতি এবং ভূমিকার সমালোচনা করা হলে বিজেপি কর্মীরা পাল্টা প্রতিবাদ জানান। এর জেরে দুই পক্ষের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা শুরু হয়, পরে তা ধস্তাধস্তি ও হাতাহাতিতে রূপ নেয়। উত্তেজনার জেরে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয় এবং আতঙ্কে আশপাশের বেশ কয়েকটি দোকান বন্ধ করে দেন ব্যবসায়ীরা।
খবর পেয়ে রাণীগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে দুই পক্ষকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে এলাকা স্বাভাবিক হলেও কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে পাঞ্জাবি মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
সিপিআই(এম)-এর অভিযোগ, পরিকল্পিতভাবে বামপন্থী সাহিত্যিকের মূর্তি সরিয়ে ইতিহাস মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে এবং তাদের গণতান্ত্রিক প্রতিবাদে বাধা দিতেই বিজেপি কর্মীরা হামলা চালিয়েছে।
অন্যদিকে বিজেপির দাবি, প্রতিবাদ সভার নামে তাদের দল, আদর্শ এবং আরএসএস-কে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করা হচ্ছিল। সেই কারণেই সাধারণ মানুষ ও বিজেপি কর্মীরা প্রতিবাদ জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা বজায় রাখতে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।