সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- শুক্রবার আসানসোলের জিটি রোডের ওপর অবস্থিত ঐতিহাসিক গীর্জা মোড় এলাকার কংগ্রেস কার্যালয়ে আয়োজিত একটি কর্মসূচিতে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দিলেন ৫৮ জন কর্মী-সমর্থক। দলত্যাগীদের দাবি, তাঁরা দীর্ঘদিন অন্য রাজনৈতিক দলের (প্রধানত তৃণমূল কংগ্রেস) সঙ্গে যুক্ত থাকলেও দলের বর্তমান নীতি ও স্থানীয় নেতৃত্বের কাজকর্মে ক্ষুব্ধ হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন।
এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় জেলা স্তরের শীর্ষ কংগ্রেস নেতৃবৃন্দ। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান শামীম আখতার, প্রসেনজিৎ পুইতুণ্ডি, শাহ আলম, এস. এম. মুস্তাফা-সহ কংগ্রেসের একাধিক নেতা ও কর্মী।
তাঁদের উপস্থিতিতেই নবাগতদের হাতে জাতীয় কংগ্রেসের তেরঙা পতাকা তুলে দেওয়া হয়।
এই যোগদান প্রসঙ্গে শামীম আখতার বলেন, "রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর তৃণমূল কংগ্রেসকে আর সক্রিয়ভাবে দেখা যাচ্ছে না। পাশাপাশি বিজেপি সরকারের আমলে একের পর এক দুর্নীতির অভিযোগ এবং সাধারণ মানুষের অসন্তোষের কারণে মানুষ নতুন রাজনৈতিক বিকল্প খুঁজছেন।" তিনি আরও দাবি করেন, রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসকেই মানুষ একমাত্র বিকল্প হিসেবে দেখছেন। সেই কারণেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কংগ্রেসে যোগ দিচ্ছেন।
জেলা কংগ্রেস নেতৃত্বের দাবি, এই যোগদানের ফলে আসানসোল উত্তর ও দক্ষিণ বিধানসভা সংলগ্ন এলাকায় দলের সাংগঠনিক শক্তি আরও মজবুত হবে।