সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- মুখ্যমন্ত্রীর দুর্নীতি নিয়ে কড়া বার্তাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে আসানসোলের কল্যাণেশ্বরীতে রমরমিয়ে বেআইনি পাথর তোলা ও পাচারের অভিযোগ। সরব হলেন স্থানীয় বিজেপি নেতা ও এলাকার গ্রামবাসীরা। প্রতিবাদে সামিল হন এলাকার মহিলারও।
অভিযোগ, আসানসোল পুরনিগমের ১৬ নং ওয়ার্ডের কুলটির চাপতোড়িয়ায় আদি পুরনো মা কল্যাণেশ্বরী মন্দিরের পাশেই ফারকেল ও ব্যান্ড পাথর মাইন্স থেকে বেআইনি ভাবে পাথর তোলা হচ্ছে। যার জেরে এলাকার রাস্তা বেহাল হয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রশাসনের নাকের ডগায় দিনের পর দিন চলছে এই কাজ । বারবার প্রশাসনকে জানানো হলেও কোনও সুরাহা মেলেনি।
স্থানীয়দের পাশাপাশি বিষয়টি নিয়ে সরব হয়েছেন আসানসোল জেলা যুব বিজেপির কো-কনভেনার শুভঙ্কর দেওঘরিয়া। তিনি বলেন , তৃণমূল কংগ্রেসের আমল থেকেই এই বেআইনি কার্যকলাপ, পাচার চলছে। আমরা পুলিশ প্রশাসনের কাছে এই পাথর তোলা ও পাচার অবিলম্বে বন্ধ করার দাবি জানাচ্ছি।