সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- আসানসোলে শিশু খুনের ঘটনায় ধৃতকে ঘটনা স্থলে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ। প্রসঙ্গত, গত ২৬ জুলাই আসানসোল দক্ষিণ থানার লোয়ার ছিন্নমস্তা এলাকার তুরি পাড়ায় বাড়ির অদূরে জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছিলো ৬ বছরের শিশুর দেহ। ময়না তদন্তের রিপোর্টে জানা যায় শিশুটিকে গলা টিপে শ্বাসরোধ করে খুন করা হয়েছিল। ঘটনার তদন্তে নেমে গত ২৯ জুলাই পুলিশ তুড়ি পাড়ার বাসিন্দা ওই শিশুর প্রতিবেশী শিবনাথ তুড়িকে গ্রেফতার করে। বর্তমানে সে পুলিশ হেফাজতে আছে। পুলিশের তরফে দাবি করা হয়েছে, ধৃত জেরায় স্বীকার করেছে যে, সে শিশুটি গলা টিপে শ্বাস রোধ করে খুন করে।
এদিন আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি ( সেন্ট্রাল ১) আবদুল গফফরের নেতৃত্বে পুলিশ আধিকারিকদের দল ধৃত প্রতিবেশী শিবনাথ তুড়িকে নিয়ে যে জঙ্গল থেকে শিশুর দেহ উদ্ধার হয়েছিলো সেখানে যায়। ধৃত পুলিশ আধিকারিকদের বলেন ঠিক কি ঘটনা ঘটেছিলো। পুলিশ আধিকারিকরা বেশ কিছু প্রশ্ন করেন। গোটাটাই ভিডিওগ্রাফি করা হয়। পুলিশের সঙ্গে এদিন ছিলেন স্থানীয় বিজেপি নেতা ও কর্মীরা।
বিজেপির মন্ডল সভাপতি অঙ্কুর রায় এদিন বলেন, "এই ঘটনাটি গুরুত্ব সহকারে দেখছেন আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। তিনি পুলিশের সঙ্গে কথা বলেছেন। আমরা চাই দ্রুত পুলিশ এই ঘটনার তদন্ত করে দোষীর দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা করুক।"
প্রসঙ্গত উল্লেখ্য, গত ৩১ জুলাই বিকেলে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে, এই খবর পাওয়ার পরে শিশুর পরিবারের সদস্য ও এলাকার বাসিন্দারা আসানসোলের জিটি রোডের ভগত সিং মোড়ে রাস্তা অবরোধ করে ধৃতকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানিয়ে বিক্ষোভ দেখায়। বিক্ষোভকারীরা পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতিরও অভিযোগ তোলেন। বিক্ষোভের জেরে দীর্ঘক্ষণ যান চলাচল ব্যহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।