সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- সরকারি গ্রামীণ হাসপাতালের অভিনব উদ্যোগ। হাসপাতালে চিকিৎসা করাতে আসা প্রায় ৫০ জন গর্ভবতী মায়ের জন্য ‘সাধভক্ষণ’ উৎসবের আয়োজন করে নজির গড়ল পশ্চিম বর্ধমান জেলার পিঠাকিয়ারি গ্রামীণ হাসপাতাল। হাসপাতালের উদ্যোগে এবং ব্লক প্রশাসন ও আইসিডিএস কর্মীদের সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল।
বাঙালি সনাতন সাধভক্ষণ অনুষ্ঠানকে সামনে রেখে এদিন হাসপাতাল চত্বরকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়। আমন্ত্রিত ৫০ জন প্রসূতি মাকে নতুন বস্ত্র উপহার দেওয়া হয়। এরপর সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি ঐতিহ্যবাহী পঞ্চব্যঞ্জন, পাঁচ রকমের ভাজা, মাছ, চাটনি, মিষ্টি এবং পায়েস দিয়ে তাঁদের আপ্যায়ন করা হয়। গ্রামীণ হাসপাতালের চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা নিজেরাই উপস্থিত থেকে হবু মায়েদের মুখে খাবার তুলে দেন এবং তাঁদের সুস্থ জীবনের কামনা করেন।
তবে হাসপাতাল কর্তৃপক্ষের মতে, এই আয়োজনের মূল লক্ষ্য কেবল উৎসব পালন নয়, বরং এর পেছনে রয়েছে গভীর সামাজিক ও স্বাস্থ্যগত বার্তা। গর্ভাবস্থায় মায়েদের সঠিক পুষ্টির প্রয়োজনীয়তা বোঝাতে এই সামাজিক আয়োজন। আসন্ন মায়েদের পাতে সুষম ও পুষ্টিকর খাবার নিশ্চিত করার বার্তা দেওয়া হয় এই অনুষ্ঠানের মাধ্যমে।
অনুষ্ঠানে উপস্থিত চিকিৎসকেরা প্রতিটি হবু মায়ের স্বাস্থ্য পরীক্ষা করার পাশাপাশি তাঁদের গর্ভাবকালীন যত্ন, নিয়মিত ডাক্তারি পরীক্ষা এবং প্রসব-পরবর্তী শিশু সুরক্ষার বিষয়ে বিস্তারিত পরামর্শ দেন। এদিন অনুষ্ঠানে মায়েদের পাশাপাশি তাঁদের স্বামীদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল, যাতে পরিবারের সদস্যরাও প্রসূতি মায়ের যত্নের বিষয়ে সমানভাবে সচেতন হন।
সরকারি হাসপাতালের উদ্যোগে এমন পারিবারিক ও আবেগময় অনুষ্ঠান আয়োজনের ঘটনায় খুশি প্রসূতি মা ও তাঁদের পরিবার। স্থানীয় বাসিন্দাদের মতে, গ্রামীণ হাসপাতালের এই মানবিক উদ্য়োগ স্বাস্থ্য ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের ভরসা আরও বাড়িয়ে তুলবে।