সন্তোষ কুমার মণ্ডল,দুর্গাপুরঃ- দুর্গাপুরের গান্ধী মোড় সংলগ্ন হনুমান মন্দির চত্বরে রাতের অন্ধকারে মদ্যপান, গাঁজা সেবনসহ বিভিন্ন অসামাজিক ও অবৈধ কার্যকলাপ চালানোর অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। এই ঘটনার প্রতিবাদে এবং মন্দিরের পবিত্রতা রক্ষার দাবিতে সরব হয়েছে হিন্দুত্ববাদী সংগঠন বজরং দল। রবিবার সকালে সংগঠনের একদল কর্মকর্তা ও সদস্য মন্দির চত্বরে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন এবং এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করার অভিযানে নামেন।
বজরং দলের কর্মকর্তাদের পক্ষ থেকে দুর্গাপুরের এক প্রাক্তন স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। সংগঠনের দাবি, ওই প্রাক্তন ঘাসফুল শিবিরের নেতার মদতেই তাঁর কিছু সঙ্গী-সাথী রাতের অন্ধকারে এই পবিত্র মন্দির প্রাঙ্গণকে সমাজবিরোধীদের আখড়ায় পরিণত করার চেষ্টা করছেন। এর ফলে মন্দিরের আধ্যাত্মিক পরিবেশ ও পবিত্রতা নষ্ট হচ্ছে।
সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, আগামী দিনে মন্দির চত্বরে যাতে কোনও ধরনের অবৈধ কার্যকলাপ বা নেশার আসর না বসে, সেদিকে তাঁরা কড়া নজর রাখবেন। তবে এই অভিযোগের সপক্ষে এদিন বজরং দলের তরফে কোনও নির্দিষ্ট বা অকাট্য তথ্যপ্রমাণ সংবাদমাধ্যমের সামনে পেশ করা হয়নি। কর্মকর্তাদের বক্তব্য, সুনির্দিষ্ট প্রমাণ হাতে পেলেই অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
অন্যদিকে, এই অসামাজিক কার্যকলাপের বিষয়ে মন্দিরের এক সেবায়েত জানান, তাঁরা সাধারণত রাত ৮টা পর্যন্ত মন্দিরের দেখভাল ও পুজোপাঠের জন্য সেখানে থাকেন। এরপর মন্দির চত্বর ফাঁকা হয়ে যাওয়ার পর কারা সেখানে আসে বা কী ধরনের কার্যকলাপ চলে, সে বিষয়ে তাঁদের কাছে স্পষ্ট বা নিশ্চিত কোনও তথ্য নেই।