সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- ঘন জঙ্গলের ভেতর গাছের একই ডাল থেকে এক বৃদ্ধা এবং এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো পশ্চিম বর্ধমান জেলার বারাবনি থানা এলাকায়। রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা জঙ্গলের ভেতর দেহ দুটি ঝুলতে দেখে পুলিশে খবর দেন। ঘটনাটিকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক উত্তেজনা ও রহস্য দানা বেঁধেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে জঙ্গলে কাঠ কুড়াতে যান কয়েকজন গ্রামবাসী। তখনই আচমকা তাদের চোখে পড়ে জঙ্গলের একটি বড় গাছের ডাল থেকে দুই ব্যক্তির দেহ ঝুলছে। কাছে গিয়ে তারা দেখতে পান, মৃতদের মধ্যে একজন বয়স্কা নারী (বৃদ্ধা) এবং অপরজন এক যুবক।
ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বারাবনি থানার পুলিশ । তাঁরা ঝুলন্ত মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।
এটি কোনো পারিবারিক বিবাদ বা মানসিক অবসাদজনিত আত্মহত্যা, নাকি এর পেছনে কোনো অপরাধমূলক ষড়যন্ত্র বা খুন রয়েছে— তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
তবে মৃতদের নাম ও পরিচয় জানা যায়নি। তারা স্থানীয় বাসিন্দা নাকি অন্য কোনো এলাকা থেকে এখানে এসেছিলেন, তা জানার চেষ্টা করছে পুলিশ।