নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- চতুর্থীর রাতে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শুভ উদ্বোধন হয়ে গেল শিল্পনগরী দুর্গাপুরের অন্যতম বিগ বাজেটের দুই পুজো। মার্কনী দক্ষিণপল্লি ও ক্লাব স্যান্টোস দুর্গোৎসবের। দুই পুজো মণ্ডপেরই উদ্বোধন করেন ভারতীয় জনতা পার্টির জাতীয় সাধারণ সম্পাদক তথা পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান পর্যবেক্ষক সুনীল বনসল।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্টজনদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মার্কনী দক্ষিণপল্লির মণ্ডপে উপস্থিত ছিলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও গণপূর্ত দপ্তরের মন্ত্রী ডঃ অজয় পোদ্দার, দুর্গাপুর পূর্ব কেন্দ্রের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক গণমান্য ব্যক্তিত্ব। অতিথিদের স্বাগত জানাতে রাস্তা জুড়ে আঁকা হয় মনোরম আলপনা, জ্বালানো হয় মাঙ্গলিক প্রদীপ। উদ্বোধনের পাশাপাশি বাউল সঙ্গীতের মনমুগ্ধকর সুরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয় গোটা পুজো প্রাঙ্গণে।
এবারের পুজোয় মার্কনী দক্ষিণপল্লির মূল আকর্ষণ তাদের অসাধারণ নির্মাণশৈলী। মধ্যপ্রাচ্যের অন্যতম স্থাপত্য বিস্ময় আবুধাবির স্বামীনারায়ণ মন্দিরের আদলে গড়ে তোলা হয়েছে পুজো মণ্ডপটি। দৃষ্টিনন্দন মণ্ডপসজ্জার সঙ্গে চোখধাঁধানো আলোকসজ্জার মেলবন্ধন দর্শনার্থীদের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
পুজোর উদ্বোধন করতে এসে রাজনৈতিক বার্তা দিতে ছাড়েননি বিজেপির কেন্দ্রীয় নেতা সুনীল বনসল। তৃণমূল কংগ্রেসকে তীব্র খোঁচা দিয়ে তিনি বলেন, "সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখতো বাংলার মানুষ। এবার রাজ্যে বিজেপি ক্ষমতায় এসেছে, তাই সেই স্বপ্ন পূরণ হবে। এতদিন যেভাবে টিএমসি সরকার বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি করে দুর্গা পুজোকে রোধ করার চেষ্টা করেছিল, রাজ্যে বিজেপির সরকার আসার পরে আজ পশ্চিমবঙ্গের কোটি কোটি মানুষ অত্যন্ত উৎসাহের সাথে এবং স্বচ্ছন্দে দুর্গাপুজোয় শামিল হতে পারছেন। পুরো বাঙালি সমাজই আজ এই ইতিবাচক বদল ও মুক্তি অনুভব করছে।"