নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- পরিবেশবান্ধব গণপরিবহণের পথে আরও এক ধাপ এগোল শিল্পাঞ্চল দুর্গাপুর ও আসানসোল। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (SBSTC)-র উদ্যোগে মঙ্গলবার দুর্গাপুরের সিটি সেন্টার বাস টার্মিনাসথেকে সম্পূর্ণ নতুন ও আধুনিক পাঁচটি ইলেকট্রিক বাসের শুভ সূচনা করা হলো। কেন্দ্রীয় সরকারের 'ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রাম' (NCAP) প্রকল্পের আওতায় রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আর্থিক সহায়তায় এই বাসগুলি কেনা হয়েছে। প্রতিটি বাসের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা।
সিটি সেন্টার বাস টার্মিনাসে আয়োজিত এই জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘড়ুই, পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস. পুনমবলম এবং এসবিএসটিসি-র ম্যানেজিং ডিরেক্টর প্রণব ঘোষ-সহ অন্যান্য প্রশাসনিক ও বিভাগীয় উচ্চপদস্থ আধিকারিকরা। সবুজ পতাকা নাড়িয়ে এই বাস পরিষেবাগুলির আনুষ্ঠানিক পথচলা শুরু করেন অতিথিরা।
তিনটি রুটে এই মোট পাঁচটি বাস চালবে। দুর্গাপুর বর্ধমান রুটে ২টি , দুর্গাপুর বার্নপুর ভাইয়া আসানসোল ২টি, এবং দুর্গাপুরে অভ্যন্তরের রুটে একটি।
সম্পূর্ণ বাতানুকূল এবং শব্দহীন এই বাসগুলি পরিবেশবান্ধব হওয়ার পাশাপাশি অত্যন্ত যাত্রীস্বাচ্ছন্দ্যদায়ক। বাসের নকশা তৈরির ক্ষেত্রে সমাজকল্যাণের দিকটিকেও সমান গুরুত্ব দেওয়া হয়েছে। বাসে ওঠার জন্য এবং যাতায়াতের ক্ষেত্রে বিশেষভাবে সক্ষম বা দিব্যাঙ্গ ব্যক্তিদের জন্য বিশেষ সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে।
শিল্পাঞ্চলে ক্রমাগত বাড়তে থাকা বায়ুদূষণ নিয়ন্ত্রণে এই পরিবেশবান্ধব ইলেকট্রিক বাসগুলি অত্যন্ত বড় ভূমিকা নেবে বলে আশাবাদী প্রশাসন ও সাধারণ মানুষ। আগামী দিনে এই ধরণের আরও বাস রাস্তায় নামানোর পরিকল্পনা রয়েছে বলে এসবিএসটিসি সূত্রে জানানো হয়েছে।