সংবাদদাতা,আসানসোলঃ- পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড সীমান্তের ডুবুর্ডিহি চেকপোস্টে পুলিশের তৎপরতায় আবারও উদ্ধার হল বিপুল পরিমাণ গবাদি পশু। কুলটি থানার অন্তর্গত চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ শনিবার রাতে ঝাড়খণ্ড সীমান্ত পার হয়ে আসা একটি গরু বোঝাই ট্রাক আটক করে। এই ঘটনায় ট্রাকের চালককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে ঝাড়খণ্ডের দিক থেকে কলকাতার উদ্দেশ্যে আসছিল একটি সন্দেহভাজন ১০ চাকার ট্রাক। ডুবুর্ডিহি চেকপোস্টে মোতায়েন চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ আধিকারিকরা গাড়িটিকে থামিয়ে তল্লাশি শুরু করেন। তল্লাশি চালাতেই ট্রাকের ভেতর থেকে অত্যন্ত অমানবিক অবস্থায় মজুত করা ২০টি গরু উদ্ধার হয়।
নিয়মমাফিক চালকের কাছে গবাদি পশু পরিবহণের বৈধ নথিপত্র এবং চিকিৎসকের শংসাপত্র দেখতে চান তদন্তকারীরা। কিন্তু চালক পশু পরিবহণ সংক্রান্ত কোনো আইনসম্মত বৈধ নথি দেখাতে পারেননি। এর পরেই পুলিশ গরুবোঝাই ট্রাকটি বাজেয়াপ্ত করে চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যায়।
থানায় দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পরও সন্তোষজনক উত্তর এবং কোনো বৈধ কাগজপত্র পেশ করতে না পারায়, চালক ধর্মেন্দ্র যাদবকে গ্রেফতার করে পুলিশ। রবিবার ধৃতকে আসানসোল জেলা আদালতে পেশ করা হয়েছে। আন্তঃরাজ্য গবাদি পশু পাচার চক্রের শিকড় কতদূর বিস্তৃত, তা জানার জন্য এবং তদন্তের স্বার্থে ধৃত চালককে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ। এই পাচার চক্রের নেপথ্যে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখতে পুরো বিষয়টির তদন্ত শুরু করেছে কুলটি থানার পুলিশ।