মনোজ সিংহ, দুর্গাপুরঃ- পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী যে মাটির সঙ্গে যুক্ত থাকা মানুষ, তা তিনি আজ তার বেশ কয়েকটি কর্মকাণ্ডে পরিষ্কার করে বুঝিয়ে দিলেন বাংলার মানুষকে। আজ সকালে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য শিল্পাঞ্চল দুর্গাপুরে উপস্থিত হয়েছিলেন। এদিন তিনি বেসরকারি উদ্যোগে তৈরি হওয়া এক ক্যান্সার হাসপাতাল ভিত্তির প্রস্তর স্থাপন, শ্রী হনুমানজির মূর্তি উন্মোচন, সহ দুর্গাপুর শিল্পাঞ্চলের প্রাণকেন্দ্র সিটি সেন্টার এর সৃজনী প্রেক্ষাগৃহে এক প্রশাসনিক বৈঠকে যোগদান করেন। কিন্তু এই সমস্ত কর্মকাণ্ডের বাইরে তিনি যে একজন সাধারণ মানুষের মতো সহকর্মী ও বন্ধুর আনন্দে আনন্দিত হন তা প্রমাণিত হল আজ।
সারা দিনের ব্যস্ততম সরকারি ও বেসরকারি অনুষ্ঠানের মাঝেই দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিধায়ক শ্রী লক্ষণ চন্দ্র ঘড়ুইয়ের কন্যা সুস্মিতা পাত্রের সদ্যোজাত শিশু পুত্রকে দেখতে হঠাৎই ইস্পাত নগরীর বিবেকানন্দ এভিনিউয়ে অবস্থিত বিধায়কের বাড়িতে উপস্থিত হন। সদ্যোজাত নাতিকে মায়ের কোল থেকে তিনি নিজের কোলে তুলে আদর ও আশীর্বাদ করেন তিনি। তৎসহ সদ্য মা হওয়া বিধায়কের কন্যা সুস্মিতা পাত্রকে পরম পিতৃস্নেহে সদ্যোজাত সিজেরিয়ান শিশু পুত্রকে বিশেষ ভাবে খেয়াল রাখতে বলেন এই শীতের সময়ে। শুধু তাই নয় এদিন তিনি বিধায়কের আত্মীয় পরিজন ও বন্ধু বান্ধবদের সঙ্গে বেশ খোস মেজাজে অনেকটা সময় কাটান বিধায়কের বাসভবনে। উপস্থিত সকলের স্বাস্থ্য ও অন্যান্য বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী। সুত্র মারফত এও জানা গেছে, এদিন বিধায়কের বাসভবনেই তিনি তার মধ্যান্য ভোজন করেন। দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিধায়ক শ্রী লক্ষণ চন্দ্র ঘড়ুইয়ের বাড়ি থেকেই তিনি বেনাচিতির ভিরিঙ্গি শ্মশান কালী মন্দিরে পূজা অর্চনার উদ্দেশ্যে রওনা দেন।