এই বাংলায় ওয়েব ডেস্ক ,কলকাতাঃ- এই রাজ্যের যুবকদের আর কাজের খোঁজে ভিন্রাজ্যে বা বিদেশে ছুটতে হবে না। যাঁরা বাইরে চলে গিয়েছেন, তাঁরাও এবার নিজের রাজ্যেই পর্যাপ্ত কাজের সুযোগ পাবেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। নিউটাউনে আজ এলঅ্যান্ডটি মাইন্ডট্রির (LTM) নতুন আইটি ক্যাম্পাস ‘আনন্দ নিকেতন’ উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, এই প্রকল্প শুধু একটি তথ্যপ্রযুক্তি কেন্দ্র নয়, বাংলার মেধাকে নিজের রাজ্যে ফিরিয়ে আনার একটি বড় পদক্ষেপ। বহু দক্ষ বাঙালি তথ্যপ্রযুক্তি কর্মী দীর্ঘদিন ধরে বেঙ্গালুরু, হায়দরাবাদ, পুনে কিংবা বিদেশে কাজ করতে বাধ্য হয়েছেন। এই ধরনের প্রকল্পের ফলে তাঁদের অনেকেই আবার পশ্চিমবঙ্গে ফিরে এসে কাজ করার সুযোগ পাবেন বলে তিনি আশাবাদী।
মুখ্যমন্ত্রী জানান, শিল্পবান্ধব পরিবেশ গড়ে তুলতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ে গঠিত ‘ডাবল ইঞ্জিন সরকার’-এর লক্ষ্য পশ্চিমবঙ্গকে নতুন করে শিল্প ও কর্মসংস্থানের মানচিত্রে প্রতিষ্ঠা করা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিভিন্ন কর্মসংস্থান ও স্বনির্ভরতা প্রকল্পের উল্লেখ করে তিনি বলেন, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা এবং চিপ ডিজাইনের মতো ভবিষ্যতের প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ তৈরির জন্য শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতা গড়ে তুলতে সাহায্য করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে এলঅ্যান্ডটি গ্রুপের চেয়ারম্যান এস. এন. সুব্রহ্মণ্যন বলেন, ‘আনন্দ নিকেতন’ নামটি শান্তিনিকেতনের ভাবনা থেকে অনুপ্রাণিত। শিক্ষা, সৃজনশীলতা ও মুক্তচিন্তার যে ঐতিহ্য বাংলা বহন করে, সেই আদর্শকেই সামনে রেখে এই ক্যাম্পাস গড়ে তোলা হয়েছে। তিনি জানান, ২০২৩ সালের শেষ দিকে নির্মাণ শুরু হওয়া প্রকল্পে প্রায় ৩ হাজার কর্মী কাজ করছেন। বর্তমানে দুটি টাওয়ার সম্পূর্ণ হয়েছে, আরও চারটি টাওয়ার নির্মাণের অনুমোদন মিলেছে।
নিউটাউনের ‘সিলিকন ভ্যালি হাব’-এ গড়ে ওঠা প্রায় ৭ লক্ষ ৪৮ হাজার বর্গফুট আয়তনের এই ক্যাম্পাসে প্রথম পর্যায়ে ৫,৮০০ জন ইঞ্জিনিয়ার ও প্রযুক্তি পেশাদারের কাজের সুযোগ তৈরি হবে বলে জানিয়েছে সংস্থা। শিল্পমহলের মতে, পূর্ব ভারতের তথ্যপ্রযুক্তি শিল্পে এটি অন্যতম বড় বিনিয়োগ।